মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৮ অক্টোবর ২০২৬
বাহরাইনে গোল্ড চুরি, ২ এশীয় নারী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৬:১২
বাহরাইন
বাহরাইনে গোল্ড চুরি, ২ এশীয় নারী গ্রেপ্তার
বাহরাইনে প্রায় ৮ হাজার বাহরাইনি দিনার মূল্যের স্বর্ণালংকার চুরির অভিযোগে দুই প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী গভর্নরেট পুলিশ চুরির অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে। তদন্তে সন্দেহভাজন দুই নারীকে শনাক্ত করার পর তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, চুরি হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুই নারী এশীয় নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ, তবে তাদের পরিচয় জানানো হয়নি। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং মামলাটি পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। এখন তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর আদালতেই নির্ধারিত হবে অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে।
সৌদি আরব
সৌদিতে বাড়ছে সর্দি-কাশির সংক্রমণ, টিকা নিতে পরামর্শ সরকারের
সৌদি আরবে মৌসুমি ভাইরাসের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সর্দি-কাশিসহ শ্বাসতন্ত্রের নানা সংক্রমণও। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত তিন সপ্তাহে শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা আগের সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেড়েছে। তবে মন্ত্রণালয় বলছে, এই বৃদ্ধি মৌসুমি পরিস্থিতির প্রত্যাশিত মাত্রার মধ্যেই রয়েছে। সংক্রমণের ঝুঁকি কমাতে যোগ্য ব্যক্তিদের মৌসুমি ইনফ্লুয়েঞ্জা ও আরএসভির মতো সুপারিশকৃত টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদির Sehhaty অ্যাপের মাধ্যমে টিকার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। পাশাপাশি নিয়মিত হাত ধোয়া, হাঁচি-কাশির সময় সতর্ক থাকা, ঘরের ভেতরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখা এবং প্রয়োজন অনুযায়ী মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর শ্বাসতন্ত্রের কোনো উপসর্গ দেখা দিলে অন্যদের সংস্পর্শ কমিয়ে রাখার আহ্বান জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত
দুবাইয়ের বিভিন্ন এলাকায় শেয়ারড হাউজিংয়ের অনুমতি দিল কর্তৃপক্ষ
দুবাইয়ে ৪৪টির বেশি এলাকায় ভবন ও ভিলায় শেয়ারড হাউজিংয়ের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। নতুন গাইডলাইন অনুযায়ী, অনুমোদিত এলাকাগুলোতে নির্দিষ্ট নিয়ম মেনে ভবন বা ভিলা শেয়ারড আবাসন হিসেবে ব্যবহার করা যাবে। তবে একই ভবনে ব্যাচেলর বা ব্যক্তিগত শেয়ারড হাউজিং এবং পরিবারভিত্তিক শেয়ারড হাউজিং একসঙ্গে রাখা যাবে না। বাসিন্দাদের জন্যও নির্দিষ্ট জায়গা নিশ্চিত করতে হবে। একজনের জন্য শোবার ঘরে কমপক্ষে ৫ বর্গমিটার জায়গা থাকতে হবে। পারিবারিক আবাসনে প্রতিটি পরিবারের জন্য আলাদা শোবার ঘর ও সংযুক্ত বাথরুমের ব্যবস্থা রাখতে হবে। আর শেয়ারড হাউজিং চালাতে হলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। নিয়ম না মেনে শেয়ারড হাউজিং পরিচালনা করলে ৫০০ থেকে সর্বোচ্চ ৫ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। একই অপরাধ এক বছরের মধ্যে আবার করলে জরিমানা দ্বিগুণ হয়ে সর্বোচ্চ ১০ লাখ দিরহাম পর্যন্ত যেতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়মের লক্ষ্য হলো অতিরিক্ত ভিড় কমানো, অবৈধ আবাসন বন্ধ করা এবং দুবাইয়ে নিরাপদ ও মানসম্মত শেয়ারড হাউজিং নিশ্চিত করা।
কুয়েত
কুয়েতে সড়ক দুর্ঘটনায় ২২ শ্রমিক আহত
কুয়েতের আল-আবদালি সড়কে শ্রমিকবাহী একটি বাস দুর্ঘটনায় ২২ জন শ্রমিক আহত হয়েছেন। নিরাপত্তা সূত্র জানিয়েছে, ৬ অক্টোবর সকালে বাসটি সড়কের পাশের মাটির বাঁধ ও লোহার বেড়ায় ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ট্রাফিক কর্মকর্তা ও জরুরি চিকিৎসা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে সবাইকে অ্যাম্বুলেন্সে করে আল-জাহরা হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর অন্যদের চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ কী এবং কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে।
logo-1-1740906910.png)