বিশেষ শর্তে সৌদিতে পরিবার নিতে পারবে প্রবাসীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৩
দক্ষ বিদেশি কর্মীদের আকৃষ্ট করতে পরিবার-সংক্রান্ত ভিসা প্রক্রিয়া সহজ করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য প্রবাসী কর্মীরা নিজেদের কর্মসংস্থান ভিসার আবেদন চলাকালেই পরিবারের নির্দিষ্ট সদস্যদের জন্য ভিসা আবেদন করতে পারবেন।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ৬ অক্টোবর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই উদ্যোগের ঘোষণা দিয়েছে। এটি দেশটির স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ।
সরকারের ভাষ্য, এ ব্যবস্থার লক্ষ্য হলো দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা ও আবাসন প্রক্রিয়া সহজ করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা।
নতুন নীতির আওতায় একজন যোগ্য বিদেশি কর্মী তার স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েকে সৌদি আরবে নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।
এর আগে পরিবারের সদস্যদের ভিসা প্রক্রিয়া শুরু করতে কর্মীর নিজস্ব ভিসা ও আবাসনসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করতে হতো। নতুন ব্যবস্থায় সেই অপেক্ষা অনেকটাই কমে যাবে।
অর্থাৎ, কর্মসংস্থান ভিসার আবেদন চলার সময়ই পরিবারের সদস্যদের ভিসা আবেদন জমা দেওয়া সম্ভব হবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ভিসা ক্যাটাগরির সব শর্ত এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের সদস্যরা দেশটিতে পৌঁছানোর পর প্রচলিত আইন অনুযায়ী তাদের আবাসিক অনুমতি বা ইকামা (Iqama) প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
logo-1-1740906910.png)