ইউরোপ অভিবাসনের খবর
রোমানিয়ায় মানব পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৭:০৪
রোমানিয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের অভিবাসীদের পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। এই ঘটনায় ২৫ থেকে ৫০ বছর বয়সী ছয়জনকে তদন্তের আওতায় আনা হয়েছে। শনিবার রোমানিয়ার কারাশ-সেভেরিন কাউন্টিতে তাদের ছয়টি বাড়িতে একযোগে তল্লাশি চালানো হয়।
পুলিশের অভিযোগ, এই চক্রটি অভিবাসীদের নিয়োগ, যাতায়াতের ব্যবস্থা, আশ্রয় দেওয়া এবং অবৈধভাবে সীমান্ত পার হতে সাহায্য করত। তদন্তে আরো বলা হয়েছে, ২০২৩ সাল থেকে চক্রটির সদস্যরা একসঙ্গে কাজ করছিলেন। তারা বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের রোমানিয়ায় প্রবেশ করানোর পর ট্রাকের ভেতরে লুকিয়ে হাঙ্গেরি, অস্ট্রিয়া ও জার্মানিতে পাঠানোর চেষ্টা করতেন।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে মিসর, পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও ঘানার প্রায় ৬০ জন নাগরিককে এই চক্রের মাধ্যমে অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করানো হয়েছিল। অভিযানে রোমানিয়ার বিভিন্ন পুলিশ ইউনিট, সীমান্তরক্ষী ও বিশেষ বাহিনীর সদস্যরা অংশ নেন। বর্তমানে ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। তবে আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তাদের নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।
logo-1-1740906910.png)