মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৪ অক্টোবর ২০২৬
বাহরাইনে ওয়ার্কার শেয়ারিং করতে পারবেন মালিকরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৬:২২
বাহরাইন
বাহরাইনে ওয়ার্কার শেয়ারিং করতে পারবেন মালিকরা
বাহরাইনে বিদেশি কর্মীদের জন্য নতুন ‘ওয়ার্কার শেয়ারিং ব্যবস্থা চালু হয়েছে। এটি সাময়িক কর্মী সংকট মোকাবিলায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করবে। নতুন নিয়মে একই মালিকের বিভিন্ন প্রতিষ্ঠান বা একই গ্রুপের কোম্পানির মধ্যে কর্মীদের স্থানান্তর করা যাবে। পাশাপাশি কোনো বিদেশি কর্মী তার বর্তমান ওয়ার্ক পারমিট বহাল রেখেই সর্বোচ্চ তিন মাসের জন্য অন্য একটি প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। তবে এ জন্য অবশ্যই লেবার মার্কেট রেগুলেটরি অথরিটির অনুমোদন এবং কর্মী ও দুই প্রতিষ্ঠানের সম্মতি প্রয়োজন হবে। দুই নিয়োগকর্তারই তিন মাসের এই সময়ে কর্মীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব থাকবে। সংসদ সদস্য ড. মরিয়ম আল দাহেন বলেছেন, নতুন ব্যবস্থা সাময়িক কর্মী প্রয়োজন মেটাতে ব্যবসাগুলোকে আরো নমনীয়তা দেবে এবং আনুষ্ঠানিক ও নিবন্ধিত প্রক্রিয়ার মাধ্যমে কাজের সুযোগ তৈরি করবে। অন্যদিকে এমপি জালাল কাদেম বলেছেন, এতে অতিরিক্ত কর্মীর প্রয়োজন হলে বিদেশ থেকে নতুন লোক আনার বদলে বাহরাইনে বৈধভাবে থাকা কর্মীদেরই স্বল্পমেয়াদে কাজে লাগানো যাবে। এতে নিয়োগ খরচ কমবে, ছোট ও মাঝারি ব্যবসা উপকৃত হবে এবং অনিয়মিত কাজ কমিয়ে কর্মীদের জন্য একটি বৈধ কাঠামো তৈরি হবে।
সৌদি আরব
সৌদিতে হুতি হামলা, ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত এশিয়ান
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আহাদ রাফিদাহ গভর্নরেটের আকাশে হুথি মিলিশিয়ার ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী। কিন্তু ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হওয়ার পর এর পড়ে যাওয়া ধ্বংসাবশেষের আঘাতে এক এশীয় প্রবাসী আহত হয়েছেন বলে সৌদি সিভিল ডিফেন্স নিশ্চিত করেছে। একই ঘটনায় একটি ভবনের ভেতরের নামাজের কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকটি বেসামরিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠার জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, আসির অঞ্চলের খামিস মুশাইতের দিকে হুথিদের ছোড়া আরো তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। একই দিনে নাজরানেও হুতিদের ছোড়া একটি শত্রুতামূলক প্রজেক্টাইল একটি স্কুলে আঘাত হানে, এতে ভবনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এসব ঘটনার পর সিভিল ডিফেন্সের দলগুলো ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে মাদকবিরোধী অভিযান, আটক ১৪ এশীয় নাগরিক
দুবাইয়ে বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ দশমিক ৩ টনের বেশি মাদক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ১৪ জন এশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, যারা বিদেশভিত্তিক একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৫২ লাখ দিরহাম। ১১৩টি কার্টনে বিভিন্ন ধরনের মাদক ও সাইকোট্রপিক পদার্থ ছিল। দুবাই পুলিশের অ্যান্টি-নারকোটিকস বিভাগ একটি অপরাধী নেটওয়ার্ক বিপুল পরিমাণ মাদক সংযুক্ত আরব আমিরাতে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে— এমন তথ্য পাওয়ার পর তদন্ত ও নজরদারি শুরু করে। পরে সন্দেহভাজনদের গতিবিধি শনাক্ত করে সমন্বিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং বাজারে পৌঁছানোর আগেই পুরো চালান জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের বিদেশে থাকা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
কুয়েত
কুয়েতে একসঙ্গে ৩৭টি এসি চুরি
কুয়েতের জালিব আল-শুয়ুখ এলাকায় একটি সম্পত্তি থেকে একসঙ্গে ৩৭টি এয়ার কন্ডিশনিং ইউনিট চুরির ঘটনা ঘটেছে। একটি কোম্পানির প্রতিনিধি সম্পত্তিটি পরিদর্শনে গিয়ে দেখেন, সামনের দরজা ভাঙা এবং ভেতরে রাখা সব এসি ইউনিটই উধাও। পরে তিনি জালিব আল-শুয়ুখ পুলিশ স্টেশনে বিষয়টি জানিয়ে কোম্পানির সঙ্গে ওই সম্পত্তির সম্পর্কের প্রমাণপত্রও জমা দেন। অভিযোগ পাওয়ার পর পাবলিক প্রসিকিউশন ঘটনাটি তদন্তের জন্য ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছে। পাশাপাশি ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে, যাতে ভাঙার ধরন ও চুরির পদ্ধতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা যায়। তবে এখন পর্যন্ত চুরির ঘটনায় কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাটি জালিব আল-শুয়ুখ থানায় ভেঙে প্রবেশ করে চুরির একটি গুরুতর অপরাধ হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
ওমান
ওমানে দ্রুত বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা
ওমানে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। জাতীয় পরিসংখ্যান ও তথ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে ওমানি নাগরিকের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৩৯০, যা মোট বয়স্ক জনগোষ্ঠীর ৭৩ দশমিক ৫ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৪০ সালের মধ্যে ওমানে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে প্রায় ৩ লাখ ৮৫ হাজার ৩৯৫ জনে পৌঁছাতে পারে। বয়স্ক মানুষ বাড়লে চাপ বাড়ে অর্থনীতিতে। আর কর্মক্ষম মানুষের সংখ্যা কমে বয়স্ক মানুষের সংখ্যা বাড়লে কর্মীর জন্য প্রবাসী শ্রমিকদের চাহিদাও বাড়ে। একই সাথে বয়স্ক মানুষের সেবা দেওয়ার জন্য নার্স, কেয়ারগিভারের চাহিদাও বেড়ে যায়। ফলে ধারণা করা যায়, দেশটিতে কেয়ারগিভার, নার্সিং সহকারী, হোম কেয়ার ও স্বাস্থ্যসেবা খাতে কর্মীর চাহিদা বাড়তে পারে। টাইমস অব ওমানের খবরে বলা হয়েছে, দেশটিতে সামাজিক সুরক্ষার দিক থেকেও বেড়েছে সুবিধাভোগীর সংখ্যা। ২০২৫ সালে বয়স্ক ভাতার সুবিধা পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬৬২ জন, যা মোট বয়স্ক জনগোষ্ঠীর ৯৩ শতাংশ।
logo-1-1740906910.png)