Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশ-তুরস্ক বিমান যোগাযোগ বাড়ানোর আহ্বান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৫

বাংলাদেশ-তুরস্ক বিমান যোগাযোগ বাড়ানোর আহ্বান

বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করতে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সচিবালয়ে তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, দুই দেশের মধ্যে সংস্কৃতি, পর্যটন ও মানুষের যোগাযোগ বাড়ানোর বিপুল সুযোগ রয়েছে।

বর্তমানে টার্কিশ এয়ারলাইন্স ঢাকা–ইস্তাম্বুল রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে। তুরস্ক অতিরিক্ত তিনটি ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে। মন্ত্রী জানান, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে আরও ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে সরাসরি তুরস্কে ফ্লাইট চালুর আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির আন্তর্জাতিক যাতায়াতের চাহিদা রয়েছে। এসব বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট চালু হলে উভয় দেশের মানুষের যোগাযোগ আরও সহজ হবে।

পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশে ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পটকে পাবলিক–প্রাইভেট পার্টনারশিপের আওতায় উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার সক্রিয়ভাবে উৎসাহ দিচ্ছে। তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, জনগণের মধ্যে যোগাযোগ, ব্যবসা ও পর্যটন বাড়াতে ভিসা সুবিধা সহজ করা অত্যন্ত জরুরি। এতে সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে।

উভয় পক্ষ বিমান চলাচল, পর্যটন, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়লে দুই দেশের জনগণই উপকৃত হবে।

Logo