Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে প্রবেশন পিরিয়ডেই গৃহকর্মীদের ফাইনাল এক্সিট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৮

সৌদিতে প্রবেশন পিরিয়ডেই গৃহকর্মীদের ফাইনাল এক্সিট

বাহরাইন

বাহরাইনে বিপজ্জনক গাড়ির কসরত, আটক এক ড্রাইভার

বাহরাইনের দিয়ার আল মুহাররাকে বিপজ্জনকভাবে গাড়ির কসরত-কেরামতি দেখানোর অভিযোগে এক ড্রাইভারকে আটক করেছে কর্তৃপক্ষ। ২৩ সেপ্টেম্বর ২৬৪ নম্বর ব্লকের বাসিন্দারা অভিযোগ করেন, ওই চালক গাড়ি দিয়ে বেপরোয়া কৌশল ও ঝুঁকিপূর্ণ প্রদর্শন করছিলেন, যা আশপাশের মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছিল এবং আবাসিক এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। অভিযোগ পাওয়ার পর কর্তৃপক্ষ ওই ড্রাইভারকে আটক করে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষ সতর্ক করেছে, জনশান্তি নষ্ট করা বা পরিবারগুলোর জন্য বিরক্তি ও অসুবিধা সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আবাসিক এলাকায় নিরাপত্তা বজায় রাখা এবং চালক ও যাত্রীদের বিপজ্জনক গাড়ি চালানোর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ড্রাইভারটি কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।

 

সৌদি আরব

সৌদিতে প্রবেশন পিরিয়ডেই গৃহকর্মীদের ফাইনাল এক্সিট

সৌদি আরবে ৯০ দিনের প্রবেশন পিরিয়ডের মধ্যে রেসিডেন্সি পারমিট বা ইকামা এখনো ইস্যু হয়নি- এমন গৃহকর্মীদের ফাইনাল এক্সিট ভিসা দেওয়ার সুযোগ চালু করেছে জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস বা জাওয়াজাত। নিয়োগকর্তারা আবসার প্ল্যাটফর্মের মাধ্যমে এই ফাইনাল এক্সিট ইস্যু করতে পারবেন। তবে এ জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। গৃহকর্মীকে মৃত বা কর্মস্থল থেকে অনুপস্থিত হিসেবে নিবন্ধিত থাকা যাবে না এবং তিনি সৌদি আরবের বাইরে থাকতে পারবেন না। এছাড়া তার ট্রাফিক রেকর্ড পরিষ্কার থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬০ দিন থাকতে হবে। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, নিয়োগকর্তা ও গৃহকর্মীর মধ্যে লিখিত চুক্তিতে সর্বোচ্চ ৯০ দিনের প্রবেশন পিরিয়ড রাখা যেতে পারে। এই সময়ে নিয়োগকর্তা গৃহকর্মীর পেশাগত দক্ষতা ও ব্যক্তিগত আচরণ যাচাই করতে পারবেন। প্রবেশন পিরিয়ড চলাকালে নিয়োগকর্তা ও গৃহকর্মী; দুই পক্ষেরই একতরফাভাবে চুক্তি বাতিল করার অধিকার রয়েছে। তবে একই নিয়োগকর্তার অধীনে একজন গৃহকর্মীকে একাধিকবার প্রবেশনে রাখা যাবে না, যদি না উভয় পক্ষ সম্মত হয় যে তিনি আগের কাজের চেয়ে ভিন্ন কোনো কাজে নিয়োজিত হবেন।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে এআই ডিপফেক প্রতারণার সতর্কতা

সংযুক্ত আরব আমিরাতে এআই ডিপফেক ব্যবহার করে প্রতারণার বিষয়ে জনগণকে সতর্ক করেছে মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় বা MoHRE। মন্ত্রণালয় জানিয়েছে, প্রতারকরা কর্মকর্তা বা মন্ত্রণালয়ের কর্মীদের মতো দেখতে ভুয়া ভিডিও, ছবি ও কণ্ঠস্বর তৈরি করে ব্যক্তিগত তথ্য বা অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। তাই কোনো ভিডিও, কল বা মেসেজ বিশ্বাস করার আগে অবশ্যই MoHRE-এর অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে তথ্য যাচাই করতে হবে। অপরিচিত লিংকে ক্লিক করা বা ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য শেয়ার না করার পরামর্শও দিয়েছে মন্ত্রণালয়। তথ্য যাচাইয়ের জন্য MoHRE-এর ৬০০৫৯০০০০ নম্বরে কল করা যাবে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করা যাবে।

কুয়েত

কুয়েতে চীন থেকে আসা ৫৬৮ নকল পণ্য জব্দ

কুয়েতের এয়ার কার্গো টার্মিনালে চীন থেকে আসা একটি চালান থেকে ৫৬৮টি নকল জুতা ও জ্যাকেট জব্দ করেছে কুয়েত কাস্টমস। শিপিং ডকুমেন্টে চালানটিকে আসবাবপত্র ও চেয়ার হিসেবে দেখানো হয়েছিল এবং বিল অব লেডিং অনুযায়ী এর মোট ওজন ছিল ৮৮৩ কেজি। তবে কাস্টমসের তদন্ত ও তল্লাশি বিভাগের সন্দেহের পর চালানটিতে বিস্তারিত পরিদর্শন চালানো হয়। তল্লাশিতে বিভিন্ন ট্রেডমার্কযুক্ত নকল জুতা ও জ্যাকেট পাওয়া গেছে, যা মেধাস্বত্ব সুরক্ষা এবং নকল পণ্য বাজারজাতকরণসংক্রান্ত আইন ও বিধিমালা লঙ্ঘন করে। এরপর জব্দ করা চালান ও পণ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় কাস্টমস ও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কুয়েতের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানিয়েছে, দেশে প্রবেশ করা চালানের ওপর নজরদারি আরো জোরদার করা হবে এবং নকল ও অবৈধ পণ্য পাচারের চেষ্টা ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।

Logo