অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্বামী গ্রেপ্তার, স্ত্রীকে হত্যায় যুক্ত থাকার অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩২
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বাংলাদেশি বংশোদ্ভূত নারী রেহানা পারভিনের মৃত্যুর তদন্তে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে তার বিচ্ছিন্ন স্বামী আওলাদ হোসেনকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (AFP)।
৫১ বছর বয়সী আওলাদের বিরুদ্ধে বিদেশি সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। এএফপির দাবি, তিনি দুই বছরে বাংলাদেশে পরিচিত কয়েকজনের কাছে ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের বেশি পাঠিয়েছেন। এসব অর্থের একটি অংশ বাংলাদেশ পুলিশের তদন্তে প্রভাব বিস্তার এবং তদন্তের নথি থেকে তার নাম সরানোর উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। এবিসি নিউজ
তবে এএফপি জানিয়েছে, বাংলাদেশি কোনো কর্মকর্তা ঘুষ নিয়েছেন বা ওই অর্থ তদন্তে প্রভাব ফেলেছে- এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাংলাদেশি পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতাও অব্যাহত রয়েছে।
রেহানা পারভিন পাঁচ সন্তানের মা ও অস্ট্রেলিয়ার নাগরিক। ২০২৪ সালের জুনে বাংলাদেশে আসার পর নিখোঁজ হন তিনি। সেপ্টেম্বরে একটি গ্রামে তার মরদেহ উদ্ধার হয়। তার মৃত্যুর ঘটনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় পৃথক তদন্ত চলছে।
আওলাদের আইনজীবী অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তিনি আদালতে তা চ্যালেঞ্জ করবেন।
logo-1-1740906910.png)