মালয়েশিয়ার খবর
মালয়েশিয়ায় ৯ মাসের অভিযানে ৫৭ হাজারের বেশি অভিবাসী আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৮
মালয়েশিয়ায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। একই সময়ে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৭২০ জন মালিকের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
আর ২০ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ নিয়েছেন কমপক্ষে ৩ লাখ ৭০ হাজার বিভিন্ন দেশের প্রবাসী।
দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের আইনসম্মতভাবে দেশে ফেরত যাওয়ার সুযোগ দেওয়া ও ডিটেনশন সেন্টারগুলোতে চাপ কমাতেই এই দেশে ফেরার সুযোগ দেওয়া। কিন্তু দেশে ফেরা কর্মসূচিতে আগে ভাগে নিবন্ধন না করলে বা ইমিগ্রেশনের কালো তালিকায় থাকলে, কোন কর্তৃপক্ষের খোঁজে থাকলে তারা এই সুযোগ পাবে না।
ইমিগ্রেশন বিভাগের অপারেশনবিষয়ক উপ-মহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, এই ৯ মাসে সারাদেশে ৯ হাজার ৭০০টি অভিযান পরিচালনা করা হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি দুই ঘণ্টায় অবৈধ প্রবাসীদের ধরতে তিনটি অভিযান চালানো হয়েছে।
সর্বশেষ তেরেঙ্গানুর কুয়ালা তেরেঙ্গানুর শ্রী কলাম অ্যাপার্টমেন্টে অভিযানে ১৩৩ বিদেশিকে জিজ্ঞাসাবাদ করে ১৯ জনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন বাংলাদেশি, ১৪ জন মিয়ানমারের এবং চারজন ইন্দোনেশিয়ার নাগরিক। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকা এবং পাস বা পারমিটের অপব্যবহারের অভিযোগ রয়েছে।
logo-1-1740906910.png)