Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২০ সেপ্টেম্বর ২০২৬

সৌদি থেকে ডিপোর্ট করা হলো ১২,৬৩৫ জন প্রবাসীকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৯

সৌদি থেকে ডিপোর্ট করা হলো ১২,৬৩৫ জন প্রবাসীকে

বাহরাইন

বাহরাইনে আইন ও মূল্যবোধ মেনে চলতে প্রবাসীদের নির্দেশনা দূতাবাসের

বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, মানামা। দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, বাহরাইনের স্থানীয় আইন ও সামাজিক মূল্যবোধ মেনে চলার পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে তা যাচাই এবং অপরিচিত লিংক বা বার্তা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ কোনো সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও কিংবা বার্তা শেয়ার, লাইক বা প্রচার করা যাবে না। একই সঙ্গে গুজব ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো থেকেও বিরত থাকতে হবে। ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ আন্তর্জাতিক সংঘাত নিয়ে এমন কোনো উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে, যা বাহরাইনের স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে। নিষিদ্ধ রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়ার পাশাপাশি যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অর্থ দেওয়ার ব্যাপারেও সতর্ক করেছে দূতাবাস। কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা ও নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ স্থানের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক তথ্যের মতো ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ না করতে বলা হয়েছে। প্রবাসীদের ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকেও সতর্ক থাকতে বলা হয়েছে। 

সৌদি আরব

সৌদি থেকে ডিপোর্ট করা হলো ১২,৬৩৫ জন প্রবাসীকে

সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১২ হাজার ৬৩৫ জনকে ডিপোর্ট করেছে দেশটির কর্তৃপক্ষ। ১০ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে চালানো যৌথ অভিযানে মোট ১৪ হাজার ৭৮২ জনকে আটক করা হয়। এর মধ্যে ৭ হাজার ৪৩৮ জন আবাসন আইন, ৩ হাজার ৭৮২ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫৬২ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। এছাড়া সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪৫০ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৫৬ শতাংশ ইথিওপিয়ান এবং ৪৩ শতাংশ ইয়েমেনি নাগরিক। দেশ ছাড়ার অবৈধ চেষ্টা করার সময় আরো ২৫ জনকে আটক করা হয়। পাশাপাশি অবৈধভাবে থাকা ব্যক্তিদের পরিবহন, আশ্রয় বা কাজে সহায়তা করার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩১ হাজার ৭৫ জন প্রবাসী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, অবৈধদের পরিবহন বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

কুয়েত

কুয়েতে টিকটকে প্রতারণা, খোঁয়া গেল ২৬০ দিনার

কুয়েতে টিকটকে ফার্নিচার কেনার বিজ্ঞাপন দেখে প্রতারণার শিকার হয়ে ২৬০ কুয়েতি দিনার লস করেছেন এক প্রবাসী। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে, ওই ব্যক্তি টিকটকে ফার্নিচারের একটি বিজ্ঞাপন দেখে সেখানে ক্লিক করলে তাকে স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়া হয়। পরে বিজ্ঞাপনদাতা তাকে পেমেন্ট সম্পন্ন করার জন্য একটি ইলেকট্রনিক লিংক পাঠায়। ওই লিংকে গিয়ে ব্যাংকের তথ্য দেওয়ার পর তিনি দেখতে পান, তার অ্যাকাউন্ট থেকে অনুমতি ছাড়াই চার দফায় মোট ২৬০ দিনার কেটে নেওয়া হয়েছে। তিনি জানান, এসব লেনদেনের কোনোটিই তিনি অনুমোদন করেননি। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। একই ধরনের আরো কয়েকটি অভিযোগ পাওয়া যাওয়ায় তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এসব ঘটনার পেছনে একই ব্যক্তি বা কোনো চক্র জড়িত কিনা। পাশাপাশি কীভাবে ওই প্রবাসীকে বিজ্ঞাপন ও পেমেন্ট লিংকের মাধ্যমে ফাঁদে ফেলা হয়েছে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হয়েছে, সেটিও তদন্ত করা হচ্ছে। ফলে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের।

সংযুক্ত আরব আমিরাত

দুবাইয়ে ভুয়া বিজ্ঞাপন, সতর্ক করল দুবাই পুলিশ

দুবাইয়ে গৃহকর্মী নিয়োগের নামে ভুয়া বিজ্ঞাপন ও লাইসেন্সবিহীন রিক্রুটমেন্ট অফিসের বিরুদ্ধে সতর্ক করেছে দুবাই পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সচেতনতামূলক ভিডিওতে পুলিশ জানিয়েছে, আকর্ষণীয় কম দামের বিজ্ঞাপন দেখে অনেকেই প্রতারিত হতে পারেন। অনুমোদনহীন এজেন্সির মাধ্যমে গৃহকর্মী নিয়োগ করলে টাকা হারানোর পাশাপাশি আইনি অধিকারও ঝুঁকিতে পড়তে পারে এবং আইনগত জটিলতাও তৈরি হতে পারে। এমনকি অবৈধভাবে নিয়োগ করা কর্মীদের কারণে পরিবার ও বাড়ির নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি হতে পারে। তাই গৃহকর্মী নিয়োগের আগে শুধু কম দাম দেখে সিদ্ধান্ত না নিয়ে এজেন্সিটি বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত কিনা যাচাই করতে বলেছে দুবাই পুলিশ। এ জন্য সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় বা MoHRE-এর অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির তালিকা দেখে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ বলেছে, টাকা দেওয়ার বা চুক্তি করার আগে এজেন্সির বৈধতা যাচাই করলেই এ ধরনের প্রতারণা থেকে নিজেকে নিরাপদ রাখা সম্ভব।

ওমান

ওমানে অবৈধ প্রবেশের দায়ে ১৭ এশীয় নাগরিক আটক

ওমানে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ১৭ জন এশীয় নাগরিককে আটক করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। মুসান্দাম গভর্নরেটের দিবা ও বুখা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, মুসান্দাম গভর্নরেট পুলিশ কমান্ডের পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিরা কোন কোন দেশের নাগরিক, তারা কীভাবে ওমানে প্রবেশ করেছিলেন কিংবা তাদের কাছ থেকে কোনো অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে কিনা; এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বর্তমানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিতভাবে অবৈধ প্রবেশ ও অবৈধ অভিবাসন ঠেকাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছে।

Logo