মালয়েশিয়ার খবর
জোহরে রাস্তায় সিগারেটের বাট ফেলায় ৭ বাংলাদেশির শাস্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১২
মালয়েশিয়ার জোহরে প্রকাশ্যে সিগারেটের বাট ও পানীয়ের ক্যান ফেলার অপরাধে সাত বাংলাদেশিসহ ২৬ জনকে কমিউনিটি সার্ভিসের শাস্তি দেওয়া হয়েছে। ১৫ সেপ্টেম্বর জোহরের পাঁচটি স্থানে এই শাস্তি কার্যকর করা হয়। পোর্টাল বারিতা আরটিএমের খবরে এই তথ্য দেওয়া হয়েছে।
প্রশ্ন হলো, তাদের কী শাস্তি দেওয়া হয়েছে? আদালতের নির্দেশ অনুযায়ী, অভিযুক্তদের জনসাধারণের ব্যবহৃত স্থান পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে হয়েছে। দিনভর এই সাত বাংলাদেশি রাস্তা পরিষ্কার করেছেন। রাস্তার বিভিন্ন স্থানে পড়ে থাকা সিগারেটের বাট ও ক্যানসহ রাস্তার আবর্জনা পরিষ্কার করতে হয়েছে।
এই মামলায় মোট ২৬ জনের মধ্যে সাতজন বাংলাদেশি, তিনজন নেপালি, তিনজন ইন্দোনেশীয় ও একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন।
তাদের বিরুদ্ধে প্রকাশ্য স্থানে সিগারেটের অবশিষ্টাংশ ও পানীয়ের ক্যান ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে ১৩টি মামলা ছিল আদালতের আদেশের পরবর্তী কার্যক্রম।
মালয়েশিয়ার বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এস ডব্লিউ কর্পোরেশন জানিয়েছে, চলতি বছর ছোটখাটো বর্জ্য ফেলার ঘটনায় ৩ হাজার ৯৫টি নোটিশ দেওয়া হয়েছে এবং ১০৭টি ঘটনায় ২০০৭ সালের আইনের ৭৭এ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট জরিমানা হয়েছে ৭১ হাজার ৫৫০ রিঙ্গিত।
মালয়েশিয়ায় বসবাস বা কাজের সময় স্থানীয় আইন ও পরিচ্ছন্নতা বিধি মেনে চলা প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ। সামান্য অসতর্কতাও জরিমানা বা আদালতের শাস্তির কারণ হতে পারে।
logo-1-1740906910.png)