মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৭ সেপ্টেম্বর ২০২৬
বাহরাইনে জাল কাগজে অর্থায়ন, ১৬ এশীয় আদালতে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৮
বাহরাইন
বাহরাইনে জাল কাগজে অর্থায়ন, ১৬ এশীয় আদালতে
বাহরাইনে জাল কাগজপত্র ব্যবহার করে প্রতারণার মাধ্যমে একটি কোম্পানি থেকে অর্থায়ন নেওয়ার অভিযোগে ১৬ জন এশীয় নাগরিককে ফৌজদারি আদালতে পাঠানো হয়েছে। পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, ইকোনমিক ক্রাইমস ডিরেক্টরেটের প্রতিবেদনের পর তদন্ত শুরু হলে দেখা যায়, অভিযুক্তরা অর্থায়নের আবেদনের সঙ্গে জাল নথি জমা দিয়েছিলেন। এসব নথির ভিত্তিতে কোম্পানিটি তাদের এমন অর্থ অনুমোদন ও পরিশোধ করে, যার জন্য তারা প্রকৃতপক্ষে যোগ্য ছিলেন না। তদন্তের সময় নথিপত্র পরীক্ষা, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ এবং কোম্পানির একজন প্রতিনিধির বক্তব্য নেওয়া হয়। তদন্ত চলাকালে অভিযুক্তদের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার প্রথম শুনানি আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সৌদি আরব
সৌদিতে শুরু টিকা কর্মসূচি, ঝুঁকিপূর্ণদের নেওয়ার আহ্বান
সৌদি আরবে শুরু হয়েছে মৌসুমি জ্বরজারির টিকাদান কর্মসূচি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তি, ৫০ বছরের বেশি বয়সী মানুষ, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু, গর্ভবতী নারী, অতিরিক্ত স্থূলতায় ভোগা ব্যক্তি এবং স্বাস্থ্যকর্মীদের ফ্লুর জটিলতার ঝুঁকি বেশি, তাই তাদের টিকা নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর ফ্লুতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ৯৫ দশমিক ৫ শতাংশই টিকা নেননি। নিয়মিত টিকা নেওয়া ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও জটিলতা কমাতে সাহায্য করে এবং বয়স্কদের মৃত্যুঝুঁকি দুই-তৃতীয়াংশেরও বেশি কমাতে পারে। ফ্লু ভাইরাসের ধরন নিয়মিত পরিবর্তিত হওয়ায় প্রতি বছর টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। টিকা নিতে ‘সেহাতি’ অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।
কুয়েত
কুয়েতে মরুভূমি থেকে এশীয় প্রবাসীর মরদেহ উদ্ধার
কুয়েতের ফারওয়ানিয়া গভর্নরেটের একটি মরুভূমি এলাকা থেকে বুধবার সকালে এক এশীয় প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা সূত্র জানা গেছে, ঘটনাস্থলে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুমে জানানো হলে দ্রুত সেখানে নিরাপত্তা টহল পাঠানো হয়। পরে পুলিশ গিয়ে নিশ্চিত হয়, মৃত ব্যক্তি চল্লিশের কোঠায় থাকা একজন এশীয় প্রবাসী। ঘটনাটি তদন্ত করতে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের কর্মকর্তারা এবং একজন ফরেনসিক চিকিৎসক ঘটনাস্থলে যান। মরদেহটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ কী এবং এর পেছনে কোনো অপরাধ বা সন্দেহজনক ঘটনা রয়েছে কিনা, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।
ওমান
ওমানে বাংলাদেশ দূতাবাসের ঠিকানা পরিবর্তন
ওমানে বাংলাদেশ দূতাবাসের ঠিকানা পরিবর্তন হয়েছে। ফলে নতুন ঠিকানায় বাংলাদেশ ওমান দূতাবাস। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঠিকানা পরিবর্তনের কারণে ১৭ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। আগামী ১৯ সেপ্টেম্বর দূতাবাসের কার্যক্রম বর্তমান ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর করা হবে। এরপর ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন চ্যান্সারি ভবন থেকে নিয়মিত কনস্যুলার সেবা চালু হবে। নতুন ঠিকানা হলো— বাংলাদেশ দূতাবাস, মাসকাট, প্লট নম্বর ৫৪৬, ইউনিট ০০১ ও ০০২, ভিলা নম্বর ৩১২৬ (এ ও বি), স্ট্রিট নম্বর ৩০৪০, আল সারুজ, বুশার, সুলতানাত অব ওমান। দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ঠিকানায় প্রবাসীদের সেবার স্বার্থে থাকবে আরো বেশি সুবিধা। থাকবে এয়ারকন্ডিশনড রুম। নারী ও পুরুষের জন্য থাকবে আলাদা আলাদা আরো বেশি বাথরুম। নারীদের জন্য সার্ভিস রুম। দূতাবাসের পক্ষ থেকে কনস্যুলার সেবাগ্রহীতাদের নির্ধারিত সময়ের পর নতুন ঠিকানায় গিয়ে প্রয়োজনীয় সেবা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
logo-1-1740906910.png)