Logo
×

Follow Us

বাংলাদেশ

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের প্রক্রিয়া এখনো চূড়ান্ত নয়: প্রবাসী কল্যাণ সচিব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের প্রক্রিয়া এখনো চূড়ান্ত নয়: প্রবাসী কল্যাণ সচিব

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ। তিনি বলেন, শ্রমবাজার উন্মুক্ত করার প্রক্রিয়া এখনো চুড়ান্ত নয়, তবে এটি সম্পূর্ণ স্বচ্ছভাবে করা হবে।

১৬ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সাবেক সদস্যরা শ্রমবাজার চালুর দাবিতে সচিবের কাছে স্মারকলিপি দেন। পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে আলোচনায় বিষয়টি উত্থাপন করেছেন।

সচিব বলেন, শ্রমবাজার চালুর সুযোগে কোনো মধ্যস্বত্বভোগী যেন ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘ত্রিপল এ ওভারসিজ’ অফিস সিলগালা করা হয়েছে, জরিমানা আরোপ করা হয়েছে এবং তিন বক্স পাসপোর্ট জব্দ করা হয়েছে।

তিনি জানান, মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণের সুনির্দিষ্ট প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে নিশ্চিত তথ্য যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

স্মারকলিপি দেওয়ার সময় বায়রার সাবেক প্রতিনিধিরা কয়েকটি দাবি তুলে ধরেন। তাদের দাবি হলো তালিকাভুক্ত ৩১২টি এজেন্সিসহ সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দেওয়া, সিন্ডিকেট ও একচেটিয়া আধিপত্য নিরসন, অভিবাসন ব্যয় কমানো, নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা, সব যোগ্য মেডিকেল সেন্টারকে উন্মুক্ত করা এবং বোয়েসেলের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালু করা।

সচিব মোখতার আহমেদ এসব দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। তিনি বলেন, দাবিগুলো পর্যালোচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করা হবে।

Logo