Logo
×

Follow Us

বাংলাদেশ

ভুটানে পেশাদার কর্মী পাঠাতে আগ্রহী বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬

ভুটানে পেশাদার কর্মী পাঠাতে আগ্রহী বাংলাদেশ

বাংলাদেশ ভুটানে পেশাদার ও দক্ষ কর্মী পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে। ১৬ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জীর সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী বলেন, ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটির উন্নয়নে বাংলাদেশ দক্ষ ও আধা-দক্ষ মানবসম্পদ সরবরাহ করতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, এ ধরনের সহযোগিতা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করবে।

প্রতিমন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করে সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য ভুটানের সমর্থন কামনা করেন। তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা জনগণের সম্মিলিত স্বার্থে গুরুত্বপূর্ণ।

ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, গত ২৬ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের রাজার সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছিল। এ জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রদূত আরো বলেন, দায়িত্ব পালনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা তিনি সব সময় পেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে।

Logo