Logo
×

Follow Us

এশিয়া

মালদ্বীপে ডলার সংকটে বিপাকে প্রবাসীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫

মালদ্বীপে ডলার সংকটে বিপাকে প্রবাসীরা

দক্ষিণ এশিয়ার পর্যটননির্ভর দ্বীপরাষ্ট্র মালদ্বীপে বৈদেশিক মুদ্রার সংকট তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় মুদ্রা রুফিয়ার দরপতন ও ব্যাংকিং খাতে তারল্য সংকটের কারণে প্রবাসী বাংলাদেশিরা দেশে টাকা পাঠাতে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপে লাখেরও বেশি বাংলাদেশি কর্মী বিভিন্ন পেশায় নিয়োজিত। মাস শেষে তারা কষ্টার্জিত আয় দেশে পাঠান। কিন্তু ডলার সংকটের কারণে সরকারি রেটে ডলার পাওয়া যায় না। খোলা বাজারে প্রতি ডলার কিনতে হয় ২১ থেকে ২২ রুপিয়ায়, যেখানে সরকারি রেট ১৫ দশমিক ৪২ রুপিয়া। ফলে শুরুতেই ৩৫ থেকে ৪০ শতাংশ লোকসান গুনতে হচ্ছে।

প্রবাসী চিকিৎসক সাদিয়া হক বলেন, “আমরা স্থানীয় মুদ্রায় বেতন পাই। কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে হলে আগে ডলার কিনতে হয়। এতে আয়ের বড় অংশ হারিয়ে যায়।” তিনি মালদ্বীপে বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংক খোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

আরেক চিকিৎসক ইশরাত জাহান আলো বলেন, “প্রায় এক লাখ বাংলাদেশি এখানে কাজ করি। যথেষ্ট ব্যাংকিং সুবিধা না থাকায় বাধ্য হয়ে অনানুষ্ঠানিক পথে টাকা পাঠাতে হয়। এতে মাসে কয়েক হাজার টাকা ক্ষতি হয়, বছরে লাখ টাকার বেশি লোকসান।” তিনি বলেন, “রাষ্ট্রের অনুপস্থিতিতে হুন্ডি উৎসাহ পাচ্ছে। অথচ এই অর্থ বৈধ পথে এলে দেশের রিজার্ভ শক্তিশালী হতো।”

প্রবাসী ব্যবসায়ী হাদিউল ইসলাম জানান, মালদ্বীপ থেকে বহির্মুখী রেমিট্যান্সের ৭২ শতাংশই যায় বাংলাদেশে। তিনি বলেন, “যদি এ প্রবাহ বজায় রাখতে হয়, তবে বাংলাদেশ সরকারের উচিত মালদ্বীপে একটি ব্যাংক শাখা খোলা।”

বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, “আমরা মালদ্বীপের ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করছি। ডলার সংকট শুধু বাংলাদেশিদের সমস্যা নয়, মালদ্বীপের নাগরিক ও ব্যবসায়ীরাও একই সংকটে আছেন। তবে প্রবাসীদের সমস্যার সমাধানে আমরা সক্রিয়ভাবে কাজ করছি।”

প্রবাসীরা বলছেন, সমাধান হতে পারে রুপিয়া-টু-টাকা সরাসরি রেমিট্যান্স উইন্ডো চালু করা। এতে ডলারে রূপান্তরের ধাপ বাদ যাবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও মালদ্বীপ মনিটারি অথরিটির মধ্যে কারিগরি সংলাপ বাড়ানো দরকার।

সাংবাদিক সোহেল রানা বলেন, “এ সংকট শুধু ডলার ঘাটতির বিষয় নয়, দীর্ঘদিনের ব্যাংকিং সুবিধার ঘাটতিও। আলোচনার পাশাপাশি দ্রুত কার্যকর সমাধান জরুরি।”

মালদ্বীপে ডলার সংকট প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বৈধ পথে রেমিট্যান্স পাঠানো সহজ, নিরাপদ ও কম খরচে নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

Logo