Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৫ সেপ্টেম্বর ২০২৬

বাহরাইনে ১৪ কেজি মাদকসহ গ্রেপ্তার ১০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫০

বাহরাইনে ১৪ কেজি মাদকসহ গ্রেপ্তার ১০

বাহরাইন 

বাহরাইনে ১৪ কেজি মাদকসহ গ্রেপ্তার ১০

বাহরাইনে মাদকবিরোধী অভিযানে ছয়টি পৃথক মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানের সময় প্রায় ১৪ কেজি মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের সাইকোট্রপিক পদার্থ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৬ হাজার বাহরাইনি দিনার। মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক এভিডেন্স ডিরেক্টরেট। কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক পাচার, সংরক্ষণ ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবেই এসব অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।দেশটির নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার ঠেকানো এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


সৌদি আরব

সৌদিতে হুতিদের হামলায় ১৩ আহত, সতর্কতা জারি

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সামান্য থেকে মাঝারি এবং হামলায় সাতটি আবাসিক বাড়ি ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতির মধ্যে নাজরান প্রদেশেও জরুরি সতর্কতা জারি করেছিল সৌদি আরবের ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম। বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে, ঘরের ভেতরে থাকতে, জানালা ও খোলা জায়গা থেকে দূরে থাকতে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়। পরে নাজরানে বিপদের সতর্কতা তুলে নেওয়া হলেও বাসিন্দাদের সতর্ক থাকতে এবং সরকারি চ্যানেলের আপডেট অনুসরণ করতে বলা হয়েছে। এদিকে হুতিদের ধারাবাহিক হামলার জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দেশটির সার্বভৌমত্ব, বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


কুয়েত

কুয়েতে প্রবাসীদের ঋণে কড়াকড়ি

কুয়েতে প্রবাসীদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো আরো কঠোর হচ্ছে। চাকরির নিরাপত্তা, কুয়েতায়ন নীতি এবং ভবিষ্যতে চাকরি হারানোর ঝুঁকির কারণে ঋণ দেওয়ার আগে প্রবাসীদের চাকরির স্থায়িত্ব, বেতন ও ক্রেডিট হিস্ট্রি আরো গুরুত্ব দিয়ে যাচাই করা হচ্ছে। বিশেষ করে নতুন চাকরিতে যোগ দেওয়া এবং কম শিক্ষাগত যোগ্যতার কর্মীদের জন্য শর্ত কঠোর হতে পারে। তবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্বাস্থ্যসেবা কর্মী, টেকনিশিয়ান এবং প্রযুক্তি ও এআই খাতে কর্মরতদের তুলনামূলক নিরাপদ হিসেবে দেখা হচ্ছে। নিয়ম ও ব্যাংকের শর্ত পূরণ করলে কুয়েতি ও প্রবাসীরা ভোক্তা ও হাউজিং ঋণ মিলিয়ে সর্বোচ্চ ৯৫ হাজার কুয়েতি দিনার পর্যন্ত অর্থায়ন পেতে পারেন। ব্যাংকগুলো এখন নিয়োগদাতা প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা ও কর্মীদের চাকরির স্থায়িত্বও যাচাই করছে। ফলে ঝুঁকিপূর্ণ পেশায় থাকা প্রবাসীদের ঋণ পাওয়া আগের তুলনায় কঠিন হতে পারে।


সংযুক্ত আরব আমিরাত

দুবাই বিমানবন্দরে ৫ মিনিটেই ড্রাইভিং পারমিট

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এখন মাত্র ৫ মিনিটেই পাওয়া যাবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা IDP। নতুন এই ২৪ ঘণ্টার সেবা চালু হয়েছে টার্মিনাল ৩-এর অ্যারাইভাল বিল্ডিংয়ের কাস্টমার হ্যাপিনেস সেন্টারে। সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ও বৈধ বাসিন্দারা এই সুবিধা নিতে পারবেন। আবেদন করতে লাগবে এমিরেটস আইডি, বৈধ আমিরাতি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের কপি এবং ব্যক্তিগত ছবি। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে আবেদন যাচাই ও অনুমোদন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হবে এবং সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যেই পারমিট ইস্যু করা হবে। GDRFA Dubai, RTA, Emirates Automobile and Touring Club এবং Amer-এর সহযোগিতায় চালু হওয়া এই সেবার লক্ষ্য হলো ভ্রমণের আগে দ্রুত ও সহজে আইডিপি পাওয়ার সুযোগ তৈরি করা এবং যাত্রীসেবাকে আরো কার্যকর করা।

Logo