ঢাকায় ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (ATF) ২০২৬। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এ মেলায় ১০ দেশের ২০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তারা পর্যটন গন্তব্য, সেবা, পণ্য ও বিনিয়োগের সুযোগ প্রদর্শন করবে।
১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মেলা উদ্বোধন করবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। শেষ দিন হবে ১৯ সেপ্টেম্বর।
মেলায় তিনটি প্রদর্শনী হলে প্রায় ৩০০ বুথ থাকবে। হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন্স, সরকারি ও বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান, বিদেশি দূতাবাস ও মিশন অংশ নেবে।
বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) মেলার সহযোগী।
মেলায় থাকবে ডেস্টিনেশন বাংলাদেশ শোকেস, ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেস এবং বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস।
এছাড়া ব্যবসায়িক বৈঠক, সেমিনার, গন্তব্য উপস্থাপনা, প্যানেল আলোচনা, পণ্য প্রচার ও নেটওয়ার্কিং আয়োজন করা হবে। প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
বিপিসি চেয়ারম্যান মো. সামিমুজ্জামান বলেন, এ ধরনের মেলা বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশি-বিদেশি বিনিয়োগ ও পর্যটন সম্ভাবনা তুলে ধরতে এটি কার্যকর হবে।
এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মোহিউদ্দিন হেলাল বলেন, এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের আঞ্চলিক পর্যটন সম্ভাবনায়। হাওর, সুন্দরবন, নদীভিত্তিক পর্যটন, অ্যাডভেঞ্চার, কমিউনিটি ও ইকো-ট্যুরিজমকে সামনে আনা হয়েছে।
থাইল্যান্ড, ফিলিপাইন, মালদ্বীপ ও মালয়েশিয়ার প্রতিনিধিরা মেলায় অংশ নিচ্ছেন। তারা নিজেদের পর্যটন গন্তব্য ও পণ্য প্রদর্শন করবেন। নারী উদ্যোক্তা ও কমিউনিটি পর্যটন উদ্যোগেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
logo-1-1740906910.png)