Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাহরাইনে ১৪ হাজার দিনার চুরি, পাঁচ এশীয় আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১১

বাহরাইনে ১৪ হাজার দিনার চুরি, পাঁচ এশীয় আটক

বাহরাইন

বাহরাইনে ১৪ হাজার দিনার চুরি, পাঁচ এশীয় আটক

বাহরাইনের দুটি কোম্পানির সাইট থেকে বৈদ্যুতিক তার ও একটি এয়ার কন্ডিশনিং ইউনিট চুরির অভিযোগে পাঁচ এশীয়কে আটক করেছে দেশটির পুলিশ। এশিয়ান বলা হলেও তারা এশিয়ার কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। আটক ব্যক্তিদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে। সাউদার্ন গভর্নরেট পুলিশ ডিরেক্টরেট জানিয়েছে, চুরি হওয়া মালামালের দাম কম করে হলেও ১৪ হাজার বাহরাইনি দিনার। আলাদা দুটি চুরির অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত ও অনুসন্ধান শুরু করে। পরে সংগৃহীত তথ্য ও প্রমাণের ভিত্তিতে পাঁচ সন্দেহভাজনকে শনাক্ত করে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। মামলাটি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

সৌদি আরব

সৌদি থেকে বাহরাইনে যাত্রী নিতে পারবে ট্যাক্সি

সৌদি আরবের ট্যাক্সি এখন দেশটি থেকে বাহরাইনে যাত্রী পরিবহন করতে পারবে। দেশটির ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি ৬ সেপ্টেম্বর থেকে এ সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করেছে। ট্যাক্সি ও যাত্রী পরিবহন খাতের বিনিয়োগকারীদের পাঠানো এক সার্কুলারে বেশ কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। সেবা দিতে হলে বৈধ অপারেটিং লাইসেন্স থাকতে হবে এবং অনুমোদিত ট্যাক্সি ও যাত্রী পরিবহন ব্রোকারের মাধ্যমে যাত্রী নিতে হবে। এছাড়া কর্তৃপক্ষ নির্ধারিত ফরমে যাত্রীদের তালিকা জমা, চালক ও যাত্রীর পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় ভ্রমণ নথি নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট সরকারি ব্যবস্থার মধ্যে ‘শুমুস নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকাও বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ভাড়াই নিতে হবে যাত্রীদের কাছ থেকে। তবে ফেরার পথে আপাতত বাহরাইন থেকে যাত্রী নেওয়া যাবে না। একইভাবে বাহরাইনের অভ্যন্তরে যাত্রী পরিবহনের অনুমতিও থাকছে না।

 

সংযুক্ত আরব আমিরাত

দুবাইয়ে পর্যটনে সুবাতাস, বাড়ছে পর্যটকের আগমন

দুবাইয়ে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা আবারো বাড়ছে। আগস্টে শহরটিতে প্রায় ৮ লাখ ৬৯ হাজার আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন, যা ২০২৬ সালের ফেব্রুয়ারির পর এক মাসে সর্বোচ্চ। চলতি বছরের প্রথম আট মাসে মোট পর্যটক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৯ লাখ ৭০ হাজারে। দুবাইয়ের হোটেলগুলোতে বুকিংও বাড়তে শুরু করেছে। আগস্টে হোটেলগুলোর ৬৬ শতাংশ রুম ভর্তি ছিল। যেখানে মার্চে এই হার ছিল মাত্র ৩৬ শতাংশ। প্রথম আট মাসে দুবাইয়ের সবচেয়ে বড় পর্যটক উৎস ছিল পশ্চিম ইউরোপ, যেখান থেকে এসেছে মোট পর্যটকের ২০ শতাংশ। দক্ষিণ এশিয়া থেকে এসেছে ১৭ শতাংশ, উপসাগরীয় দেশগুলো থেকে ১৬ শতাংশ এবং সিআইএস ও পূর্ব ইউরোপ থেকে ১৪ শতাংশ পর্যটক। এদিকে পর্যটন খাতের পুনরুদ্ধারে দুবাই সরকার ২.৫ বিলিয়ন দিরহামের সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে। একই সময়ে এমিরেটস তাদের বৈশ্বিক ফ্লাইট নেটওয়ার্কের ৯৭ শতাংশ পুনরায় চালু করেছে।

 

ওমান

ওমানে ১১০ প্রবাসী প্রশিক্ষকের বদলে নিয়োগ পাবেন ওমানিরা

ওমানের কারিগরি কলেজগুলোতে কর্মরত ১১০ জন প্রবাসী প্রশিক্ষকের জায়গায় ওমানি নাগরিকদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে দেশটির সরকার। সরকারি খাতে ওমানিকরণ জোরদারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের সরকারি খাতের নিয়োগ ও ওমানিকরণ বিভাগের পরিচালক আবদুল্লাহ সুলতান আল সুনাইদি জানিয়েছেন, এসব পদে নিয়োগের জন্য ২০২৬ সালেই শূন্যপদ ঘোষণা করা হবে। ওমানি প্রার্থীদের বাছাই ও নিয়োগ প্রক্রিয়া ২০২৭ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। ফলে ওমানে ধীরে ধীরে প্রবাসীদের পদ কমতে শুরু করবে। নিয়োগ পাওয়া প্রশিক্ষকরা ২০২৭-২৮ শিক্ষাবর্ষের শুরুতে দায়িত্ব পালন শুরু করবেন। নির্দিষ্ট দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন এমন বিশেষায়িত পদে প্রশিক্ষণ ও যোগ্যতার সঙ্গে ওমানিকরণকে যুক্ত করার সরকারি পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

কুয়েত

কুয়েতে পচা মাছ জব্দ, আটক ৩৮ জন

কুয়েতের আহমাদি গভর্নরেটে যৌথ নিরাপত্তা অভিযানে ৩৮ জনকে আটক করা হয়েছে। একই অভিযানে ৫০০ কেজি পচা মাছ জব্দ এবং আদালতের নির্দেশে পাঁচটি গাড়ি জব্দ করা হয়। সিকিউরিটি ডিরেক্টরেটস অ্যাফেয়ার্স সেক্টরের অধীনে আহমাদি গভর্নরেট সিকিউরিটি ডিরেক্টরেটের নেতৃত্বে কুয়েত মিউনিসিপ্যালিটি, পাবলিক অথরিটি ফর ফুড অ্যান্ড নিউট্রিশন এবং পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ারের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ১৬ জন চাহিদাভুক্ত ও আইন লঙ্ঘনকারী এবং পরিচয়পত্রবিহীন ২২ জনকে আটক করা হয়। এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনের ২৮টি ঘটনা শনাক্ত করা হয়েছে। ফিশ ও ভেজিটেবল মার্কেট এবং আল কৌত মলের পার্কিং এলাকায় চালানো এ অভিযানে আটক ব্যক্তি ও অনিয়মকারীদের বিরুদ্ধে নিজ নিজ এখতিয়ার অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Logo