বিদেশের কারাগারে বন্দি আছেন কত বাংলাদেশি? আর তাদের দেশে ফেরাতে কী করছে বাংলাদেশ সরকার?
বর্তমানে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশিরা আছেন মধ্যপ্রাচ্যে। এক সৌদিতেই আছেন কমপক্ষে ৪০ লক্ষ প্রবাসী বাংলাদেশি। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার, বাহরাইনে আছেন উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি। এসব দেশে প্রতিনিয়তই চলছে ইমিগ্রেশনের অভিযান।
অন্যদিকে, বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়ায় চলছে ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযান, যাতে প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছেন প্রবাসীরা।
এমন প্রেক্ষাপটে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে জানিয়েছেন, বিদেশের বিভিন্ন কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি বন্দি রয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, এসব বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বন্দি সংশ্লিষ্ট দেশের আইনি প্রক্রিয়ার অধীন। সেই প্রক্রিয়ার প্রতি সম্মান রেখেই বাংলাদেশ সরকার তাদের আইনি ও কূটনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে। তবে কোন দেশে কত বাংলাদেশি বন্দি আছেন? কোন দেশে আছেন সবচেয়ে বেশি বন্দি তাও জানাননি মন্ত্রী।
তবে তিনি জানিয়েছেন, কোনো বাংলাদেশি বন্দির তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা মিশন কারাগার পরিদর্শন করে তার সঙ্গে সাক্ষাৎ, মামলার বিষয়ে পরামর্শ এবং প্রয়োজনীয় আইনি সহায়তার ব্যবস্থা করে। আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকলে আদালতের মাধ্যমে আইনজীবী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়।
প্রয়োজনে জরিমানা ও দেশে ফেরার বিমান ভাড়ার ব্যবস্থাও করা হয়। পরিবার ব্যয় বহনে অক্ষম হলে ক্ষেত্রবিশেষে সরকারি অর্থে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে আটক বাংলাদেশিদের দেশে ফেরাতে শিগগিরই একটি তথ্যসেবা চালু করবে বাংলাদেশ সরকার।
logo-1-1740906910.png)