Logo
×

Follow Us

বাংলাদেশ

এখন থেকে ইস্যু হবে ই-পাসপোর্ট, বন্ধ হচ্ছে এমআরপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

এখন থেকে ইস্যু হবে ই-পাসপোর্ট, বন্ধ হচ্ছে এমআরপি

বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে। সরকার শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে এগোচ্ছে। বিদেশের বাংলাদেশ মিশনে এখন প্রায় ৯৯ শতাংশ আবেদন ই-পাসপোর্টে হচ্ছে।

যেসব মিশনে ই-পাসপোর্ট পুরোপুরি চালু হয়েছে, সেখানে এমআরপি ইস্যু বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ধাপে ধাপে সব মিশন থেকে এমআরপি সেবা গুটিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

২৩ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এমআরপি বন্ধের নীতিগত সিদ্ধান্ত অনুমোদন হয়। সভায় জানানো হয়, দেশের ৭১টি পাসপোর্ট অফিস ও বিদেশের ৭১টি মিশনে ই-পাসপোর্ট চালুর অগ্রগতি হয়েছে।

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার জানান, বিদেশে ই-পাসপোর্ট এনরোলমেন্ট ৯৯ শতাংশে পৌঁছেছে। এমআরপি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর পুরনো যন্ত্রপাতি সচল রাখা ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে এমআরপি চালু রাখার প্রয়োজন নেই।

৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এক লাখ সাত হাজার একটি ই-পাসপোর্ট ইস্যু হয়েছে। একই সময়ে মাত্র একটি এমআরপি দেওয়া হয়েছে। সেটিও বিদেশের একটি কনস্যুলেট থেকে। এমআরপির চাহিদা এখন প্রায় নেই বললেই চলে।

২০২০ সালে দেশে ই-পাসপোর্ট চালু হলেও অনেক প্রবাসী এত দিন এমআরপির ওপর নির্ভরশীল ছিলেন। এনআইডি না থাকা বা জন্মনিবন্ধন ও এনআইডির তথ্যে অমিলের কারণে তাদের জন্য এমআরপি চালু রাখা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বর পর্যন্ত ই-পাসপোর্টের তথ্য সংশোধনে এনআইডি বা জন্মনিবন্ধন সনদ ব্যবহার করা যাবে।

সৌদি আরবে বিপুলসংখ্যক প্রবাসীকে দ্রুত সেবা দিতে আটটি মোবাইল এনরোলমেন্ট কিট পাঠানো হচ্ছে। ভারতের দিল্লি ও কলকাতা মিশনেও দ্রুত ই-পাসপোর্ট চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে আর এমআরপি করা যাবে না। তবে বৈধ এমআরপি যাদের আছে, তারা পরবর্তী সময়ে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। বিদেশে এমআরপি ব্যবহার এখন ৫ শতাংশের নিচে নেমে এসেছে। প্রবাসীদের সেবা সহজ করতে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন মিশনে কনস্যুলার সার্ভিস সেন্টার ও জনবল বাড়ানো হবে।

Logo