শাহজালালে ইমিগ্রেশন সার্ভার বন্ধ, যাত্রীদের ভোগান্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করেই ইমিগ্রেশন পুলিশের সার্ভার বন্ধ হয়ে যায়। কারিগরি ত্রুটির কারণে প্রায় ৩০ মিনিট ইমিগ্রেশন কার্যক্রম স্থবির হয়ে পড়ায় বহির্গমন ও আগমনী কাউন্টারগুলোতে বিশৃঙ্খলা দেখা দেয়। নির্ধারিত সময়ে ফ্লাইট ধরতে পারবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তায় পড়েন শত শত যাত্রী।
৯ সেপ্টেম্বর দুপুরে নিয়মিত কার্যক্রম চলার সময় হঠাৎ ইমিগ্রেশনের মূল সার্ভারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্বয়ংক্রিয় ব্যবস্থা অচল হয়ে পড়ায় কর্মকর্তারা সাময়িকভাবে পাসপোর্ট যাচাই ও সিল দেওয়ার কাজ বন্ধ রাখতে বাধ্য হন। এতে মুহূর্তেই কাউন্টারগুলোর সামনে দীর্ঘ সারি তৈরি হয়।
সার্ভার বিকল হওয়ার পর অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজ্ঞতা শেয়ার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মারুফ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, স্বাভাবিক দিনে সার্ভার ডাউন হয়ে যাওয়ায় কয়েক হাজার যাত্রী বিমানবন্দরে আটকে পড়েছেন। প্রায় এক ঘণ্টা কার্যক্রম অচল থাকার বিষয়টি উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এমন পরিস্থিতিতে কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় যাত্রীদের দুর্ভোগ আরো বেড়েছে।
পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ইমিগ্রেশন পুলিশ ম্যানুয়াল পদ্ধতিতে কিছু কার্যক্রম চালু করার চেষ্টা করে। তবে এতে যাত্রীদের চাপ আরো বেড়ে যায়। পরে প্রকৌশলীদের একটি দল দ্রুত কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিট পর সার্ভার সচল হলে ইমিগ্রেশন কার্যক্রমও ধীরে ধীরে স্বাভাবিক হয়।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এ বিপর্যয় ঘটে। সমস্যা শনাক্ত হওয়ার পর দ্রুত সমাধান করা হয়। সার্ভার সচল হওয়ার পর অপেক্ষমাণ যাত্রীদের দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়।
logo-1-1740906910.png)