বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা সহজ করার আহ্বান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সম্প্রসারণের লক্ষ্যে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ৯ সেপ্টেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ইন্দোনেশিয়াকে বাংলাদেশ থেকে আরো বেশি পণ্য ও সেবা আমদানির আহ্বান জানান। তিনি বলেন, এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য আরো গভীর ও বহুমুখী হবে। বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ককে ভবিষ্যতে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের (সেপা) দিকে এগিয়ে নিতে প্রস্তুত।
বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি মনে করেন, এতে পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ আরো বৃদ্ধি পাবে। জবাবে রাষ্ট্রদূত লিস্টিওয়াতি বাংলাদেশি পণ্যের রপ্তানি বহুমুখীকরণে ইন্দোনেশিয়ার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে ওষুধসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন তিনি।
বাংলাদেশ ও ইন্দোনেশিয়া প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশ। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রতিমন্ত্রী এ বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত লিস্টিওয়াতি জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, সর্বোত্তম পদ্ধতি ভাগাভাগি এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আকাঙ্ক্ষা এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে যোগদানের প্রচেষ্টায় ইন্দোনেশিয়ার সহযোগিতা চান প্রতিমন্ত্রী। রাষ্ট্রদূত লিস্টিওয়াতি বাংলাদেশের এসব গুরুত্বপূর্ণ উদ্যোগে ইন্দোনেশিয়ার অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
logo-1-1740906910.png)