Logo
×

Follow Us

বাংলাদেশ

খাবারের খরচ যুক্ত করেও হজ প্যাকেজের মূল্য কমিয়েছে সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬

খাবারের খরচ যুক্ত করেও হজ প্যাকেজের মূল্য কমিয়েছে সরকার

২০২৭ সালের হজ প্যাকেজের মূল্য উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। জাতীয় সংসদে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, হাজিদের আর্থিক চাপ কমাতে খাবারের খরচ অন্তর্ভুক্ত করেও প্যাকেজের মূল্য কমানো হয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১ এর মূল্য ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭৭ টাকা। ২০২৭ সালে তা কমিয়ে ৬ লাখ ১৫ হাজার ২২৩ টাকা করা হয়েছে। অর্থাৎ আগের বছরের তুলনায় ৭৫ হাজার ৩৫৪ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে এ প্যাকেজে খাবারের জন্য ৩৯ হাজার ১৩৬ টাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরো জানান, ২০২৬ সালে হজ প্যাকেজ-২ এর মূল্য ছিল ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। ২০২৭ সালে তা কমিয়ে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে আগের বছরের তুলনায় ৫৩ হাজার ২৩৩ টাকা কমেছে। এ প্যাকেজেও খাবারের জন্য ২৯ হাজার টাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, আগামী বছরের হজযাত্রীদের বিমান ভাড়াও কমানো হয়েছে। ২০২৬ সালে বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ২০২৭ সালে তা ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, সাধারণত সময়ের সঙ্গে বিভিন্ন সেবার ব্যয় বাড়ে। কিন্তু হাজিদের সুবিধার কথা বিবেচনা করে বিমান ভাড়া ও প্যাকেজের মূল্য কমানো হয়েছে। এটি সরকারের একটি ব্যতিক্রমী উদ্যোগ।

ধর্মমন্ত্রী আরো জানান, ২০২৬ সালের সরকারি হজ ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৩৮১ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। বিভিন্ন খাতে নির্ধারিত ব্যয়ের তুলনায় কম খরচ হওয়ায় হিসাব শেষে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা উদ্বৃত্ত হয়েছে। কোনো মধ্যস্থতাকারী ছাড়াই বিএফটির মাধ্যমে ওই উদ্বৃত্ত অর্থ সরাসরি সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হয়েছে।

Logo