সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গৃহকর্মী আইন অনুযায়ী ১৯টি পেশাকে গৃহকর্মী হিসেবে চিহ্নিত করেছে। এর মাধ্যমে গৃহকর্মীদের অধিকার, নিয়োগকর্তা ও রিক্রুটমেন্ট এজেন্সির দায়িত্ব স্পষ্ট করা হয়েছে। আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ১ কোটি দিরহাম জরিমানা হতে পারে।
সরকারি প্ল্যাটফর্মে প্রকাশিত তালিকায় রয়েছে— গৃহপরিচারিকা, ন্যানি বা শিশুসেবিকা, ব্যক্তিগত ড্রাইভার, হাউসকিপার, রাঁধুনি, প্রাইভেট টিউটর, হোম নার্স, ব্যক্তিগত সহকারী, কৃষি শ্রমিক, মালী, ব্যক্তিগত প্রশিক্ষক, নৌকাচালক, প্রহরী, রাখাল, জকি, পশু প্রশিক্ষক, বাজপাখি পরিচর্যাকারী এবং ব্যক্তিগত কৃষি প্রকৌশলী।
ফেডারেল ডিক্রি-ল’ নং ৯ (২০২২) অনুযায়ী গৃহকর্মীরা সাপ্তাহিক একদিনের ছুটি পাবেন। প্রয়োজনে কাজ করলে বিকল্প ছুটি বা একদিনের মজুরি দিতে হবে। প্রতিদিন অন্তত ১২ ঘণ্টা বিশ্রাম, যার মধ্যে আট ঘণ্টা টানা থাকতে হবে। বার্ষিক ৩০ দিনের ছুটি এবং ছয় মাস থেকে এক বছরের মধ্যে চাকরি করলে প্রতি মাসে দুই দিনের ছুটি পাবেন।
কর্মীরা প্রতি দুই বছরে একবার নিজ দেশে ফেরার টিকিট পাবেন। নিয়োগকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে বেতন দিতে হবে, উপযুক্ত আবাসন ও খাবার সরবরাহ করতে হবে এবং চিকিৎসা খরচ বহন করতে হবে। অসুস্থ হলে বছরে সর্বোচ্চ ৩০ দিনের ছুটি পাবেন, প্রথম ১৫ দিন পূর্ণ বেতন এবং পরের ১৫ দিন অর্ধেক বেতনে।
রিক্রুটমেন্ট এজেন্সিগুলোকে কর্মীদের চাকরির প্রকৃতি ও বেতন সম্পর্কে জানাতে হবে এবং তাদের শারীরিক ও মানসিক সক্ষমতা যাচাই করতে হবে। কর্মীদের ইউএইর সংস্কৃতি ও আইন সম্পর্কে অবহিত করতে হবে। কর্মীদের কাছ থেকে কোনো কমিশন বা খরচ নেওয়া যাবে না।
নিয়োগকর্তাকে উপযুক্ত আবাসন, খাবার ও পোশাক দিতে হবে। কর্মীদের অন্য কারো জন্য কাজ করতে বাধ্য করা যাবে না। কর্মস্থলে দুর্ঘটনা বা রোগ হলে ক্ষতিপূরণ দিতে হবে।
কর্মীদের চাকরির চুক্তি অনুযায়ী কাজ করতে হবে, নিয়োগকর্তার সম্পত্তি রক্ষা করতে হবে এবং গোপনীয়তা বজায় রাখতে হবে। অনুমতি ছাড়া অন্য কারো জন্য কাজ করা যাবে না।
আইন লঙ্ঘন করলে কঠোর শাস্তি হতে পারে। ভুয়া তথ্য দিলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড ও ২০ হাজার থেকে ১ লাখ দিরহাম জরিমানা হতে পারে। অনুমোদন ছাড়া কর্মী নিয়োগ বা কর্মীকে কাজ না দিয়ে ফেলে রাখলে ৫০ হাজার থেকে ২ লাখ দিরহাম জরিমানা হবে।
১৮ বছরের কম বয়সী কর্মী নিয়োগ করলে বা অনুমোদন ছাড়া মধ্যস্থতা করলে এক বছর পর্যন্ত কারাদণ্ড ও ২ লাখ থেকে ১০ লাখ দিরহাম জরিমানা হতে পারে। পুনরাবৃত্তি ঘটলে জরিমানা দ্বিগুণ হবে।
logo-1-1740906910.png)