Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে চার হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩

আমিরাতে চার হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে

সংযুক্ত আরব আমিরাতে চার হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে। বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অবগত বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি জানিয়েছেন, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

৬ সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী নুর লিখেছেন, “সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাতিল হওয়া চার হাজার বাংলাদেশির বিষয়ে আমরা অবগত। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।”

এদিকে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। তারা জানিয়েছেন, ছুটিতে দেশে এসে ভিসা বাতিলের কারণে কর্মহীন হয়ে পড়েছেন। তাদের দাবি, দ্রুত পুনর্বাসন, মাসিক সহায়তা ভাতা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। সংবাদ সম্মেলনে মোট পাঁচটি দাবি তুলে ধরেন তারা।

প্রবাসীরা বলেন, হঠাৎ ভিসা বাতিল হয়ে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন। অনেকের পরিবার বিদেশে আটকা পড়েছে, আবার কেউ দেশে ফিরে কর্মসংস্থান হারিয়ে বিপাকে পড়েছেন। মাসিক আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।

প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। কূটনৈতিক পর্যায়ে আমিরাত সরকারের সঙ্গে আলোচনা চলছে। তিনি আশ্বাস দিয়েছেন, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হবে।

Logo