আগামী বছরে দুই লাখ প্রবাসী কার্ড বিতরণ করবে সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪
আগামী বছরের মধ্যে দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সরকার। ৫ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে প্রবাসী কার্ড চালু করেছে। আগামী বছরের মধ্যে দুই লাখ কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা সরকারি বিভিন্ন সেবা ও আইনি সহায়তা সহজে পাবেন।
শামা ওবায়েদ জানান, অবৈধ উপায়ে অভিবাসন কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং প্রবাসীদের অধিকার রক্ষা করা।
আন্তর্জাতিক বিনিয়োগ বাড়াতে ও বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে ভিসা নীতি সহজ করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, এ নীতি ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে আসা আরো সহজ হবে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল স্লোগান হলো ‘বাংলাদেশ ফাস্ট’। নির্বাচনী ইশতেহারের ভিত্তি অর্থনৈতিক কূটনীতি। তিনি উল্লেখ করেন, নির্বাচনে জয়লাভের প্রথম দিন থেকেই সরকার এ লক্ষ্যে কাজ শুরু করেছে।
শামা ওবায়েদ বলেন, শুধু জাতিসংঘ নয়, বিশ্বের সব দেশেই বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে হবে। তিনি প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানান, তারা যেন দেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরতে সক্রিয় ভূমিকা রাখেন।
প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বলেন, এ সমস্যাকে কেবল দ্বিপাক্ষিক আলোচনায় সীমাবদ্ধ না রেখে বহুপাক্ষিক আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রবাসী প্রতিনিধি ও আন্তর্জাতিক বিশ্লেষকরা বক্তব্য দেন। তারা বলেন, বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে কার্যকরভাবে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
logo-1-1740906910.png)