প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রমে ইতোমধ্যে ১৪টি দেশের ৫৪ হাজার ৪৭৭ জন এনআইডি পেয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগের আগস্ট মাসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর মধ্যে ২৮ হাজারের বেশি স্মার্ট কার্ড প্রিন্ট করে সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমে মোট ৯৯ হাজার ৮১৫টি আবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৬২ হাজার ৫৮৯ জনের বায়োমেট্রিক গ্রহণ সম্পন্ন হয়েছে, যা মোট আবেদনের প্রায় ৬৩ শতাংশ। তবে এখনও ৩৭ হাজারের বেশি আবেদন বায়োমেট্রিক প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছে। তদন্ত শেষে ৫৪ হাজার ৪৭৭টি আবেদন অনুমোদন হয়েছে, ৩ হাজার ৫৩৬টি অনুমোদনের অপেক্ষায় এবং ২৬ হাজার ৫৯৫টি আবেদন বাতিল হয়েছে।
প্রবাসীদের সবচেয়ে বড় স্টেশনভিত্তিক কার্যক্রম রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই স্টেশনে সর্বাধিক ২৪ হাজার ৮২৫টি আবেদন জমা পড়েছে। যুক্তরাজ্যের ম্যানচেস্টার ও বার্মিংহাম স্টেশনে ১৮ হাজার ৬২১টি আবেদন পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, মিশিগান, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেসে ১৮ হাজার ৪৭২টি আবেদন জমা পড়েছে। ইতালিতে প্রায় সাড়ে ৯ হাজার, সৌদি আরবে প্রায় ৭ হাজার, কুয়েতে ৫ হাজার ৯২১, কাতারে ৪ হাজার ৮২৯ এবং মালয়েশিয়ায় ২ হাজারের বেশি আবেদন এসেছে। অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনিতে ১ হাজার ৪৫৯টি, কানাডার অটোয়া ও টরন্টোতে ৩ হাজার ৭৯৪টি, জাপানের টোকিওতে ৩৬৫টি, মালদ্বীপের মালেতে ৩২৮টি, ওমানের মাস্কাটে ২ হাজার ৫৭৩টি এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় সবচেয়ে কম ১৩৯টি আবেদন পাওয়া গেছে।
প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের উদ্যোগ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০১৯ সালে। প্রথমে মালয়েশিয়ায় এ কার্যক্রম চালু হয়, পরে সংযুক্ত আরব আমিরাতে সম্প্রসারিত হয়। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে এসে এটি ১৪টি দেশের ২৪টি স্টেশনে বিস্তৃত হয়েছে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা দেওয়া হচ্ছে।
গত জুলাইয়ে ইসি নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনকে নতুন করে কার্যক্রমের আওতায় আনার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে সিঙ্গাপুরে ৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা উদ্বোধন হয়েছে। উদ্বোধনের সময় তিনজন প্রবাসী বাংলাদেশির হাতে স্মার্ট কার্ডও তুলে দেওয়া হয়।
logo-1-1740906910.png)