Logo
×

Follow Us

বাংলাদেশ

৫ বছরে ১ কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

৫ বছরে ১ কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, বর্তমান সরকার আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম জনগোষ্ঠীকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চায়। ৩১ আগস্ট দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে নবীনবরণ অনুষ্ঠানের পূর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

প্রতিমন্ত্রী জানান, বিদেশে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের জন্য বিনা জামানতে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা চালু রয়েছে। এর মাধ্যমে বিদেশগামীদের আর্থিক চাপ কমানো এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধুমাত্র সার্টিফিকেটনির্ভর শিক্ষা দিয়ে বর্তমান শ্রমবাজারে চাকরি নিশ্চিত করা যায় না। তাই চাকরির বাজারে যে বিষয়ে চাহিদা রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তক, সিলেবাস ও কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরো জানান, সামাজিক যোগাযোগমাধ্যমকে নিরাপদ রাখতে সাইবার আইন শিগগিরই সংশোধন করা হবে। সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইতোমধ্যে মানবাধিকার আইন ও গুম আইন সংসদে পাস হয়েছে। এসব উদ্যোগ জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সহায়ক হবে।

তিনি বলেন, সরকার জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। প্রবাসী কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি দেশের অভ্যন্তরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।

পরে প্রতিমন্ত্রী ছাত্র অধিকার পরিষদ বরিশাল ব্রজমোহন কলেজ শাখার আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের উন্নয়নে তরুণদের দক্ষতা অর্জন ও ইতিবাচক ভূমিকা রাখা অত্যন্ত জরুরি।

Logo