৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ট্রাভেল ট্রেড প্ল্যাটফর্ম বাংলাদেশ ট্রাভেল মার্ট (BTM) ২০২৬। আগামী ৩ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হবে তিন দিনের এই আয়োজন, যা চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন। আয়োজক বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (BOTOA) জানিয়েছে, প্রায় ১০০ প্রদর্শক, ৬০ ট্রেড বায়ার এবং ১৫ হাজার দর্শনার্থী অংশ নেবেন।
দেশি-বিদেশি ট্যুর অপারেটর, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, পর্যটন সংস্থা ও অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এতে অংশ নেবে।
BOTOA সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, “এটি শুধু প্রদর্শনী নয়, বরং ব্যবসায়িক সুযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য দেশীয় পর্যটন শিল্পকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করা।”
তিনি আরো বলেন, বাংলাদেশের পর্যটনে বিপুল সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক পর্যটন ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা নতুন বাজার তৈরি, বিনিয়োগ আকর্ষণ এবং পর্যটন, হসপিটালিটি ও এভিয়েশন খাতে সহযোগিতা বাড়াতে সহায়ক হবে।
BTM ২০২৬-এর অন্যতম আকর্ষণ হবে Pre-Scheduled B2B Buyer-Seller Meetings। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে ক্রেতা-বিক্রেতারা আগেই সম্ভাব্য ব্যবসায়িক অংশীদার চিহ্নিত করে বৈঠকের সময় নির্ধারণ করতে পারবেন।
BTM প্রধান সমন্বয়ক মোহসিন ইকবাল বলেন, “আমাদের লক্ষ্য হলো অংশগ্রহণকারীরা শুধু যোগাযোগ নয়, বরং বাস্তব ব্যবসায়িক সম্ভাবনা ও নতুন অংশীদার নিয়ে ফিরে যাবেন।”
আয়োজনে থাকবে আলাদা Business-to-Business (B2B) এবং Business-to-Consumer (B2C) অংশ। B2B সেগমেন্টে দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতারা ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলতে পারবেন। B2C সেগমেন্টে সাধারণ দর্শনার্থীরা সরাসরি অংশগ্রহণকারী কোম্পানির সঙ্গে যোগাযোগ করে দেশি-বিদেশি ট্যুর প্যাকেজ, এয়ারলাইন টিকিট, হোটেল-রিসোর্ট বুকিং, ভিসা সেবা ও বিশেষ অফার সম্পর্কে জানতে পারবেন।
BOTOA সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, “আমরা চাই আন্তর্জাতিক মানের ট্রাভেল ট্রেড প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে প্রদর্শনীর পাশাপাশি থাকবে বাস্তব ব্যবসায়িক সম্পৃক্ততা।” তিনি আরো জানান, এই আয়োজনকে ভবিষ্যতে শুধু বার্ষিক প্রদর্শনী নয়, বরং নিয়মিত আন্তর্জাতিক ট্রেড প্ল্যাটফর্মে পরিণত করার পরিকল্পনা রয়েছে। এতে বাংলাদেশের পর্যটন শিল্প বৈশ্বিক বাজারে আরো শক্তিশালী অবস্থান তৈরি করবে।
logo-1-1740906910.png)