ছয় মাসে মালয়েশিয়া যাবে দুই লাখ শ্রমিক: প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৫১
আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। দেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহদা বিন ওসমান স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়া প্রায় দুই লাখ শ্রমিক নেবে। এর মধ্যে ১০ হাজার শ্রমিককে তারা বিনাখরচে নিয়োগ দেবে। সেপ্টেম্বরের শেষ থেকে শ্রমিক পাঠানো শুরু হবে এবং আগামী ছয় মাসের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।
তিনি আরো জানান, বাংলাদেশে ইলেকট্রিক ভেহিক্যাল, সোলার প্যানেল, নবায়নযোগ্য বিদ্যুৎ ও হালাল ফুড খাতে প্রায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি চলছে। খুব দ্রুতই এসব উদ্যোগ বাস্তবায়ন হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের বিষয়গুলো আলোচনায় আসে। প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নিতে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় আট লাখ নিবন্ধিত বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। অনিবন্ধিত শ্রমিকদেরও নিবন্ধনের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ায় পড়াশোনার সুযোগ বাড়ানোর পাশাপাশি মালয়েশিয়ার প্রায় এক হাজার শিক্ষার্থীও বাংলাদেশে চিকিৎসা শিক্ষায় অধ্যয়ন করছে।
বৈঠকে মালয়েশিয়ার সড়কে ব্যবহৃত রাবার কার্পেটিং প্রযুক্তি নিয়েও আলোচনা হয়। বাংলাদেশে পলিমার মডিফাই বিটুমিন বা রাবারাইজড বিটুমিন ব্যবহারে মালয়েশিয়া কারিগরি সহায়তা দিতে সম্মত হয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করলে সড়ক আরো টেকসই হবে।
logo-1-1740906910.png)