Logo
×

Follow Us

এশিয়া

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ; বাংলাদেশিসহ নিহত ১৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ২৩:৪৪

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ; বাংলাদেশিসহ নিহত ১৫

রাশিয়ার আমুর অঞ্চলে একটি গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশের একজন নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরও ৩৫ জন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন। ২৮ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

২৫ আগস্ট আমুর অঞ্চলের কেমিক্যাল কমপ্লেক্স (এজিসিসি) প্রকল্পের সিনোপেক গ্যাস ফিল্ডে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বহু শ্রমিক হতাহত হন। নিহতদের মধ্যে কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা জাকির হোসেন রয়েছেন। অন্য নিহতদের মধ্যে চীন ও রাশিয়ার নাগরিকও রয়েছেন।

দুর্ঘটনার পর মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা মোহাম্মদ আলাল হোসেন রাজু নিখোঁজ রয়েছেন। আহত ৩৫ জন বাংলাদেশির মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তারা বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন এবং উন্নত চিকিৎসার জন্য মস্কোতে নেওয়া হচ্ছে।

আহতদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি নিয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মস্কোয় বাংলাদেশ দূতাবাস। দূতাবাস একটি হটলাইন চালু করেছে এবং সংশ্লিষ্ট কোম্পানিতে কর্মরত অন্য বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করছে।

নিহত জাকির হোসেনের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছে দূতাবাস। পাশাপাশি তার বকেয়া পাওনা ও ক্ষতিপূরণের বিষয়ে এলএলসি সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

রাশিয়ার স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সঠিক কারণ জানা যাবে না।

বাংলাদেশ সরকার জানিয়েছে, বিদেশে কর্মরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ ধরনের দুর্ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য।

Logo