Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশি শ্রমিকদের প্রশংসায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৮:৪৯

বাংলাদেশি শ্রমিকদের প্রশংসায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল

বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের প্রশংসা করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল। তিনি বলেন, সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের কঠোর পরিশ্রম ও দক্ষতা সৌদি অর্থনীতিকে এগিয়ে নিতে সহায়তা করছে।

জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ কাউন্সিল বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে। বৈঠকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে লেখা একটি চিঠি হস্তান্তর করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তারা দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে দুই দেশের মধ্যে একাধিক উচ্চপর্যায়ের সফর হয়েছে, যা নতুন সুযোগ তৈরি করেছে। তিনি ভবিষ্যতে আরো উচ্চপর্যায়ের সফরের সম্ভাবনার কথাও তুলে ধরেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর মধ্যে অন্যতম। তিনি অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং জানান, সৌদি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে ক্রমবর্ধমান আগ্রহ দেখাচ্ছে। ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে সৌদি আরবের আগ্রহের কথা তিনি স্পষ্টভাবে তুলে ধরেন।

বৈঠকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুলকরিম আল-খেরিজি, বাংলাদেশের ওআইসি স্থায়ী প্রতিনিধি এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo