কুয়েতের রাজধানী গভর্নরেটের বিভিন্ন এলাকায় বড় ধরনের নিরাপত্তা অভিযান চালিয়ে ১৮৭ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ২৫ আগস্ট পরিচালিত এ অভিযানে অপরাধ, পলাতক থাকা, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে তাদের আটক করা হয়। নিরাপত্তা জোরদার, আইন লঙ্ঘনকারীদের শনাক্ত এবং বিভিন্ন ধরনের অনিয়ম নিয়ন্ত্রণে রাজধানী গভর্নরেট নিরাপত্তা অধিদপ্তর, কুয়েত মিউনিসিপ্যালিটি এবং পাবলিক অথরিটি ফর ফুড অ্যান্ড নিউট্রিশনের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে আদালতের নির্দেশে ২৩ জনকে বিচারিক হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া ১০টি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক গ্যারেজে পাঠানো হয়েছে, তিনজন অবৈধ ফেরিওয়ালাকে আটক করা হয়েছে এবং মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে অবস্থান করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জনশৃঙ্খলা ও পরিচয়সংক্রান্ত আইন ভঙ্গের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে; অস্বাভাবিক অবস্থায় থাকা একজন, ভিক্ষাবৃত্তির অভিযোগে দুজন এবং বৈধ পরিচয়পত্র না থাকায় আরো চারজনকে আটক করা হয়েছে।
একই অভিযানে মোট ৪৪৫টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা করা হয়েছে। অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের।
logo-1-1740906910.png)