বাহরাইনে বিদেশি কমিয়ে স্থানীয়দের চাকরির আহ্বান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ২৩:৩৯
বাহরাইনে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট সীমিত করে স্থানীয় নাগরিকদের আরো বেশি কর্মসংস্থানের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির এমপি ড. মুনির সেরুর। তার মতে, কর্মক্ষেত্রে ‘বাহরাইনাইজেশন’ বা বাহরাইনিদের অগ্রাধিকার নিশ্চিত করা হলে বিদেশে রেমিট্যান্স হিসেবে অর্থের প্রবাহ কমবে এবং স্থানীয় অর্থনীতিতে কর্মীদের বেতন ও আয় আরো বেশি পরিমাণে বাড়বে, তা দেশের বাজারে অর্থের প্রবাহ বাড়াতে সহায়তা করবে। শ্রম মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মসংস্থান, বেকার ভাতা ও সহায়তা এবং শ্রম সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
ড. সেরুর বলেন, বাহরাইনাইজেশন শুধু নির্দিষ্ট কোটা নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়; বরং কতজন বাহরাইনি বাস্তবে চাকরি পেয়েছেন, সেটিই এর সাফল্যের প্রধান মাপকাঠি হওয়া উচিত। নিয়োগদাতাদের প্রকৃত চাহিদার সঙ্গে স্থানীয় চাকরিপ্রার্থীদের দক্ষতা ও যোগ্যতার মিল ঘটাতে হবে এবং যেখানে দক্ষতার ঘাটতি রয়েছে, সেখানে চাকরির প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থার ওপর জোর দেন তিনি। কোনো পদে প্রয়োজনীয় দক্ষতা থাকা কিংবা প্রশিক্ষণের মাধ্যমে সেই দক্ষতা অর্জনের সুযোগ থাকলে ওই চাকরিতে বাহরাইনি নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
logo-1-1740906910.png)