বাহরাইনে তীব্র গরম ও উচ্চ আর্দ্রতার কারণে মানুষের মধ্যে ক্লান্তি, দুর্বলতা, পানিশূন্যতা ও হাঁপানির সমস্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে গরমজনিত অসুস্থতা নিয়ে রোগীর উপস্থিতিও বেড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড গরমে দীর্ঘসময় বাইরে থাকলে শরীর অতিরিক্ত ঘামে এবং ঘামের সঙ্গে পানি ও সোডিয়াম, ক্লোরাইডসহ গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট বের হয়ে যায়। ফলে শরীরে পানিশূন্যতা ও ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা তৈরি হয়ে মাথা ঘোরা, দুর্বলতা, অবসাদ, অতিরিক্ত ক্লান্তি এমনকি দৈনন্দিন কাজ করার সক্ষমতাও কমে যেতে পারে। বিশেষ করে যারা নির্মাণকাজ, ডেলিভারি, পরিচ্ছন্নতা বা অন্যান্য শারীরিক শ্রমের সঙ্গে যুক্ত, তাদের দীর্ঘসময় গরমে কাজ করার কারণে ঝুঁকি আরো বেশি। চিকিৎসকরা এই সময়ে পানির পাশাপাশি ইলেকট্রোলাইটও গ্রহণের পরামর্শ দিচ্ছেন।
একই সঙ্গে গরম ও আর্দ্র আবহাওয়া শ্বাসতন্ত্রের ওপরও বাড়তি চাপ তৈরি করতে পারে। ফলে হাঁপানি রোগীদের কাশি, শ্বাসকষ্ট, বুক চেপে আসা বা অন্যান্য উপসর্গ আরো তীব্র হতে পারে। এ কারণে চিকিৎসকরা দিনের সবচেয়ে গরম সময়ে সরাসরি রোদে বের হওয়া ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পাশাপাশি নিয়মিত পানি পান, প্রয়োজনীয় বিশ্রাম এবং শরীর ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন।
logo-1-1740906910.png)