কুয়েতে ৪৪১ প্রবাসীর ঠিকানা বাতিল, ব্যাচেলরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:২৮
কুয়েতে প্রাইভেট ও মডেল আবাসিক এলাকায় অবৈধভাবে বসবাসকারী প্রবাসী ব্যাচেলরদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব এলাকায় ব্যাচেলরদের আবাসন, অননুমোদিতভাবে বাড়ি ভাড়া দেওয়া এবং আবাসিক ঠিকানা সংক্রান্ত অনিয়ম শনাক্ত করতে মাঠপর্যায়ে বিশেষ টিম গঠন করা হয়েছে। বিশেষ করে যেসব বাড়িতে নিয়মবহির্ভূতভাবে বিপুলসংখ্যক ব্যাচেলর প্রবাসী বসবাস করছেন, সেসব স্থাপনা নজরদারির আওতায় আনা হচ্ছে। এর পাশাপাশি কুয়েতের কর্তৃপক্ষ আবাসিক ঠিকানা নিয়েও কঠোর ব্যবস্থা নিচ্ছে।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ৪৪১ জনের নিবন্ধিত আবাসিক ঠিকানা বাতিল করা হয়েছে। বাড়ির মালিকদের দেওয়া তথ্য বা ভবন ভেঙে ফেলার কারণে এসব ঠিকানা রেজিস্ট্রি থেকে সরানো হয়েছে। যাদের ঠিকানা বাতিল হয়েছে, তাদের নতুন ঠিকানা ৩০ দিনের মধ্যে অফিসে গিয়ে অথবা সাহেল অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ঠিকানা হালনাগাদ না করলে আইন অনুযায়ী সর্বোচ্চ ১০০ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা হতে পারে।
একই সঙ্গে প্রবাসীদের সতর্ক করা হয়েছে, তারা যেখানে প্রকৃতপক্ষে বসবাস করছেন, সেই ঠিকানাই সরকারি রেকর্ডে সঠিকভাবে নিবন্ধিত রাখতে হবে। নিয়ম ভঙ্গ করলে জরিমানা ছাড়াও অন্যান্য প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
logo-1-1740906910.png)