সৌদি আরবে জিসিসি দেশগুলোর গাড়ির জন্য নতুন নির্দেশনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ২১:৫৭
সৌদি আরবে জিসিসি দেশগুলোর নম্বরপ্লেটযুক্ত ব্যক্তিগত গাড়ি নিয়ে নতুন নিয়ম চালু হচ্ছে। ২৬ আগস্ট ২০২৬ থেকে এসব গাড়ি সৌদি আরবে সর্বোচ্চ ৯০ দিন থাকতে পারবে। তবে এই ৯০ দিন হিসাব হবে ৩৬৫ দিনের মধ্যে, অর্থাৎ একটানা বা আলাদা আলাদা মিলিয়েও মোট ৯০ দিনের বেশি থাকা যাবে না। নিয়মটি সৌদি নাগরিক ও বাসিন্দাদের মালিকানাধীন জিসিসি রেজিস্টার্ড গাড়ি এবং তাদের অনুমোদিত চালকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। গাড়ি প্রবেশ ও বের হওয়ার তথ্য কাস্টমস কর্তৃপক্ষ রেকর্ড করবে, যাতে নির্ধারিত সময়সীমা ঠিকভাবে হিসাব করা যায়।
তবে ৯০ দিন শেষ হওয়ার আগে সর্বোচ্চ আরো ৩০ দিনের জন্য সময় বাড়ানোর আবেদন করা যাবে এবং এই সেবা আবশের প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে গাড়ির বৈধ রেজিস্ট্রেশন ও ইনস্যুরেন্স থাকতে হবে এবং ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার পর আবেদন গ্রহণ করা হবে না।
বর্তমানে সৌদিতে থাকা জিসিসি নম্বরের গাড়িগুলোর জন্যও ২৬ আগস্ট থেকে ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত ৯০ দিনের সংশোধনী সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে গাড়ি সৌদি আরব থেকে বের করে নিতে হবে অথবা প্রয়োজনীয় কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করে সৌদি নম্বরপ্লেট নিতে হবে। আর নির্ধারিত সময়ের বেশি গাড়ি সৌদিতে রাখলে ১ হাজার থেকে ২ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে, এমনকি গাড়ি জব্দও করা হতে পারে।
logo-1-1740906910.png)