বাহরাইনে জাল সৌদি মুদ্রা রাখার দায়ে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড এবং ৫০০ বাহরাইনি দিনার জরিমানা করেছে দেশটির হাই ক্রিমিনাল কোর্ট। ঘটনাটি সামনে আসে অন্য একটি মাদক ব্যবহারের মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর। পরে প্রসিকিউশনের নির্দেশে তার জিনিসপত্র ফেরত দেওয়ার সময় একটি ৫০০ সৌদি রিয়ালের নোট পাওয়া যায়, যা পরে ফরেনসিক পরীক্ষায় জাল বলে নিশ্চিত করা হয়।
তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের একজন কর্মকর্তা জানান, অভিযুক্তের মালামাল হস্তান্তরের সময় নোটটি শনাক্ত করা হয়েছিল। এরপর জেনারেল ডিরেক্টরেট অব ম্যাটেরিয়াল এভিডেন্সের একজন জালিয়াতি বিশেষজ্ঞ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন যে ৫০০ রিয়ালের নোটটি আসল নয়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি দাবি করেন, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছ থেকে তিনি নোটটি পেয়েছেন এবং এর বিনিময়ে ৩০ বাহরাইনি দিনার দিয়েছিলেন। তবে আদালত জাল নোটটি আসল হিসেবে চালানোর উদ্দেশ্যে নিজের কাছে রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাকে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০০ দিনার জরিমানা করেছে।
logo-1-1740906910.png)