মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২১ আগস্ট ২০২৬
বাহরাইনে জাল রিয়াল রাখার দায়ে একজনের জেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৮:৩৬
বাহরাইন
বাহরাইনে জাল রিয়াল রাখার দায়ে একজনের জেল
বাহরাইনে জাল সৌদি মুদ্রা রাখার দায়ে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড এবং ৫০০ বাহরাইনি দিনার জরিমানা করেছে দেশটির হাই ক্রিমিনাল কোর্ট। ঘটনাটি সামনে আসে অন্য একটি মাদক ব্যবহারের মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর। পরে প্রসিকিউশনের নির্দেশে তার জিনিসপত্র ফেরত দেওয়ার সময় একটি ৫০০ সৌদি রিয়ালের নোট পাওয়া যায়, যা পরে ফরেনসিক পরীক্ষায় জাল বলে নিশ্চিত করা হয়।তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের একজন কর্মকর্তা জানান, অভিযুক্তের মালামাল হস্তান্তরের সময় নোটটি শনাক্ত করা হয়েছিল। এরপর জেনারেল ডিরেক্টরেট অব ম্যাটেরিয়াল এভিডেন্সের একজন জালিয়াতি বিশেষজ্ঞ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন যে ৫০০ রিয়ালের নোটটি আসল নয়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি দাবি করেন, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছ থেকে তিনি নোটটি পেয়েছেন এবং এর বিনিময়ে ৩০ বাহরাইনি দিনার দিয়েছিলেন। তবে আদালত জাল নোটটি আসল হিসেবে চালানোর উদ্দেশ্যে নিজের কাছে রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাকে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০০ দিনার জরিমানা করেছে।
সৌদি আরব
সৌদিতে শেষ হতে যাচ্ছে গরমের মৌসুম, আসবে স্বস্তিদায়ক পরিবেশ
সৌদি আরবে তীব্র গরমের মৌসুম ধীরে ধীরে শেষ হতে যাচ্ছে এবং আগামী ১ সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে শরৎকাল শুরু হবে। তবে শরৎ শুরু হলেই যে সঙ্গে সঙ্গে গরম কমে যাবে, এমনটা নয়। সৌদি ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি জানিয়েছে, সেপ্টেম্বর হবে গ্রীষ্মের প্রচণ্ড তাপ থেকে তুলনামূলক স্বস্তিদায়ক আবহাওয়ার দিকে যাওয়ার একটি পরিবর্তনকাল, তাই তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর এখনে সৌদি আরবের অন্যতম উষ্ণত মাস, আর দেশটির সবচেয়ে শুষ্ক মাসগুলোর একটি। এ মাসে গড় বৃষ্টিপাত মাত্র প্রায় ১ দশমিক ৬৪ মিলিমিটার। ফলে সেপ্টেম্বরের শুরুতেই পুরোপুরি ঠান্ডা আবহাওয়া আশা করার সুযোগ নেই। বিশেষ করে রিয়াদ ও ইস্টার্ন প্রভিন্সের কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা আরো বেশি থাকতে পারে। পাশাপাশি জাজান, আসির ও আল-বাহা অঞ্চলের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং শক্তিশালী বাতাসের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। শুধু তাই নয়, রিয়াদ, ইস্টার্ন প্রভিন্স, নাজরান, নর্দার্ন বর্ডার, হাইল, কাসিম, মদিনা ও মক্কার কিছু এলাকায় ধুলা ও বালু উড়িয়ে নেওয়া বাতাস বয়ে যেতে পারে। গ্রীষ্মের বিদায় শুরু হলেও সেপ্টেম্বর মাসে গরম, ধূলিঝড় ও কিছু অঞ্চলে বজ্রঝড়; সব মিলিয়ে আবহাওয়ার পরিবর্তনশীল পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে আরো সহনীয় আবহাওয়ার দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে হচ্ছে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, পুরস্কার ১০ লাখ ডলার
আমিরাতে কোরআন হিফজ ও সুন্দর তেলাওয়াতের জন্য এবার আয়োজন করা হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড ২০২৬। এই প্রতিযোগিতায় সেরা কোরআন তেলাওয়াতকারীকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ১০ লাখ মার্কিন ডলারের পুরস্কার। আর এবারের মোট পুরস্কারের মূল্য ১ কোটি ২০ লাখ দিরহামেরও বেশি। প্রতিযোগিতাটির ২৮তম আসরে প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য আলাদা বিভাগও রাখা হয়েছে এবং পুরুষ ও নারী উভয় বিভাগে প্রথম স্থান অর্জনকারী পাবেন ১০ লাখ ডলার করে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য রয়েছে যথাক্রমে ১ লাখ ও ৫০ হাজার ডলারের পুরস্কার। শুধু তাই নয়, ‘Global Quranic Personality’ হিসেবেও একজন বিশিষ্ট ব্যক্তিকে ১০ লাখ ডলারের পুরস্কার দেওয়া হবে। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১০৫টি দেশ থেকে ৫ হাজার ৬১৮ জন কোরআন তেলাওয়াতকারী আবেদন করেছিলেন, যার মধ্যে প্রায় ৩০ শতাংশ ছিলেন নারী। মিসর থেকে সবচেয়ে বেশি ৬ হাজার ৮৩৮টি আবেদন এসেছে। প্রতিযোগীদের তাজবিদ, কণ্ঠের সৌন্দর্য, তেলাওয়াতের মান এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে যাচাই করা হচ্ছে। এবার প্রতিযোগিতার আরেকটি বিশেষ দিক হলো, নির্বাচিত সেরা প্রতিযোগীদের দুবাইয়ে এনে বিভিন্ন মসজিদে তারাবির নামাজে ইমামতির সুযোগ দেওয়া হবে এবং এরপর জনসাধারণের ভোটে বিশ্বের সবচেয়ে সুন্দর কোরআন তেলাওয়াত নির্বাচন করা হবে।
কুয়েত
কুয়েতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বড় অভিযান, ৬৪০ গাড়ি জব্দ
কুয়েতে সড়ক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এবার বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির ট্রাফিক বিভাগ। ১০ থেকে ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত কুয়েতের বিভিন্ন গভর্নরেটে পরিচালিত ট্রাফিক ও নিরাপত্তা অভিযানে মোট ৩৩ হাজার ৫৯২টি ট্রাফিক ভায়োলেশন শনাক্ত করা হয়েছে। একই সময়ে গুরুতর ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে ৬৪০টি গাড়ি ও ৮টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযানে ২৬ জনকে ট্রাফিক হেফাজতে নেওয়া হয় এবং ৮ জন কিশোরকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য জুভেনাইল প্রসিকিউশনে পাঠানো হয়েছে। শুধু ট্রাফিক আইন নয়, অভিযানের সময় অন্যান্য নিরাপত্তা বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে। এক সপ্তাহে কর্তৃপক্ষ ২ হাজার ২৩৩টি ট্রাফিক রিপোর্ট পেয়েছে এবং পুলিশ টহল দল ৭৬৪টি দুর্ঘটনার ঘটনা অনুসরণ করেছে, যার মধ্যে ১৪৪টি দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনা ছিল। এছাড়া মাদক রাখার সন্দেহে পাঁচজনকে এবং অস্বাভাবিক অবস্থায় থাকা চারজনকে আটক করা হয়েছে। একই অভিযানে মেয়াদোত্তীর্ণ রেসিডেন্সি পারমিট থাকা ৫০ জন এবং পরিচয়পত্র ছাড়া থাকা ১৪ জনকে আটক করা হয়। পুলিশ আরো ৪০ জন ওয়ারেন্টভুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার এবং ২৫টি চাহিদাভুক্ত গাড়ি জব্দ করেছে।কুয়েতের জেনারেল ডিরেক্টরেট অব ট্রাফিক জানিয়েছে, দেশজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
logo-1-1740906910.png)