Logo
×

Follow Us

ইউরোপ

পর্তুগালে জনসমক্ষে নিকাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:৩৯

পর্তুগালে জনসমক্ষে নিকাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

পর্তুগালে জনসমক্ষে নিকাব নিষিদ্ধ করে নতুন আইনে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট আন্তোনিও হোসে সেগুরো। ডানপন্থি রাজনৈতিক দল চেগা থেকে উত্থাপিত এই বিলটি গত ১৮ আগস্ট আইনে পরিণত হয়।

নতুন আইনে জনসমক্ষে এমন পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে, যা মুখ পুরোপুরি ঢেকে ফেলে বা মুখ শনাক্ত করতে বাধা দেয়। একই সঙ্গে লিঙ্গ, ধর্ম, বয়স বা বংশগত পরিচয়ের কারণে কাউকে মুখ ঢাকতে বাধ্য করাও নিষিদ্ধ করা হয়েছে।

আইনটির মূল লক্ষ্য হিসেবে জননিরাপত্তা ও জনশৃঙ্খলার বিষয়টি তুলে ধরা হলেও এর প্রভাব নিয়ে বিশেষ করে মুসলিম নারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ বোরকা ও নিকাবের মতো মুখ ঢাকা পোশাকও এই আইনের আওতায় পড়বে। এর আগে পার্লামেন্টে বিলটি অনুমোদনের সময় এসব পোশাক পরার ক্ষেত্রে ২০০ থেকে ৪ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছিল।

অবশ্য কিছু ক্ষেত্রে মুখ ঢাকার অনুমতি থাকবে। বিমান, কূটনৈতিক স্থাপনা এবং উপাসনালয়ের মতো নির্দিষ্ট স্থানে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আইনটির সমালোচনা করেছে। সংগঠনটির মতে, জনসমক্ষে মুখ ঢাকার ওপর নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতা ও অন্যান্য মৌলিক অধিকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এর ফলে পর্তুগাল ইউরোপের এমন কয়েকটি দেশের তালিকায় যুক্ত হলো, যেখানে জনসমক্ষে মুখ ঢাকার ওপর পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞা রয়েছে।

Logo