Logo
×

Follow Us

বাংলাদেশ

ছেলেবেলায় পাচার হওয়া ফরিদ ৩৫ বছর পর দেশে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:৩১

ছেলেবেলায় পাচার হওয়া ফরিদ ৩৫ বছর পর দেশে

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দেশে ফিরে পরিবারের সঙ্গে পুনঃসংযোগ ঘটল মোহাম্মদ ফরিদের। শিশু অবস্থায় বাবার সঙ্গে পাকিস্তান গিয়েছিলেন তিনি। এরপর দালালদের মাধ্যমে তুরস্কে পৌঁছান। সেই সময় থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। অবশেষে তুরস্ক থেকে ঢাকায় ফিরে আসেন ফরিদ। দিনভর প্রচেষ্টার পর ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম তার পরিবারের সন্ধান দিতে সক্ষম হয়।

১৮ আগস্ট ভোর সোয়া ৫টার দিকে তুরস্ক থেকে টি কে ৭১২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফরিদ। দীর্ঘদিন বিদেশে থাকার কারণে তিনি বাংলায় সাবলীলভাবে কথা বলতে পারছিলেন না। শুধু নিজের নাম, বাবা-মায়ের নাম এবং কিছু বিচ্ছিন্ন তথ্য দিতে সক্ষম হন। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে তাকে ব্র্যাকের আশকোনা মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে নেওয়া হয়।

সকাল থেকেই ব্র্যাকের কর্মীরা তার পরিবারের খোঁজ শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে দেওয়া হয়, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা নেওয়া হয়। বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিকেলেই কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা পালং ইউনিয়নের নাছির পাড়ায় তার পরিবারের সন্ধান পাওয়া যায়।

ফরিদের পরিবার জানায়, তার বাবা মো. আয়ুব আলী বর্তমানে পাকিস্তানে রয়েছেন। পরিবারের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। ফরিদ তাদের বড় ছেলে। দালালের মাধ্যমে তুরস্কে যাওয়ার পর তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। ফরিদের ভাই ছৈয়দ আলমকে দ্রুত ঢাকায় এনে তার সঙ্গে দেখা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর ফরিদকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, “৩৫ বছর পর একজন মা তার সন্তানকে ফিরে পাবেন, একজন ভাই তার ভাইকে ফিরে পাবেন, এর চেয়ে মানবিক পাওনা আর কী হতে পারে! আমরা খুব দ্রুত ফরিদের ভাইকে ঢাকায় এনে তার সঙ্গে দেখা করিয়ে তাকে পরিবারের কাছে পৌঁছে দিতে চাই।” তিনি আরো বলেন, “এই কাজে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং আমাদের সহকর্মীরা যেভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।”

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দেশে ফেরত আসা বিপদাপন্ন ও অসহায় অভিবাসীদের বিমানবন্দর থেকে সহায়তা, কাউন্সেলিং, পরিবার শনাক্তকরণ ও পুনঃএকত্রীকরণসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে। ফরিদের ঘটনাটি প্রমাণ করে, সম্মিলিত প্রচেষ্টা ও মানবিক দায়বদ্ধতা থাকলে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা মানুষও আবার স্বজনদের কাছে ফিরতে পারে।

Logo