হজ ২০২৭: ৭৫ দেশের সঙ্গে প্রস্তুতি বৈঠক শুরু সৌদি আরবের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৪৪
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজ মৌসুমকে সামনে রেখে বিশ্বের ৭৫টিরও বেশি দেশের হজ অফিসের সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠক শুরু করেছে। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এসব বৈঠক মূলত আগাম পরিকল্পনার অংশ, যাতে সমন্বয় বাড়ানো যায়, যাত্রা সহজ হয় এবং সেবার মান উন্নত হয়।
বৈঠকে আসন্ন মৌসুমের প্রস্তুতি, হজ অফিসগুলোর কার্যক্রম পরিকল্পনা, নির্দেশনা ও নিয়মাবলি পর্যালোচনা করা হচ্ছে। হজ অফিসগুলোর পক্ষ থেকে দেওয়া বিভিন্ন প্রস্তাব ও চাহিদা নিয়েও আলোচনা হচ্ছে, যাতে নির্ধারিত সময়সীমার মধ্যে সব ব্যবস্থা সম্পন্ন করা যায়।
মন্ত্রণালয় জানিয়েছে, হজ ২০২৭-এর জন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী। এর লক্ষ্য হলো সব ধরনের সম্পদ কাজে লাগিয়ে হাজিদের সেবা দেওয়া এবং তাদের যাত্রা সহজ করা।
এই উদ্যোগ সৌদি ভিশন ২০৩০ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ। এর মাধ্যমে হজ অফিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদার করা, প্রস্তুতির মান বাড়ানো এবং সেবার মান উন্নত করা হচ্ছে। উদ্দেশ্য হলো হাজিদের যেন সহজে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন এবং তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতা সমৃদ্ধ হয়।
এদিকে মক্কার উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশআল জেদ্দা এয়ারপোর্ট কোম্পানির প্রধান নির্বাহী মাজেন জোহর-এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পর্যালোচনা করা হয়। আলোচনায় ওমরাহ ও হজ মৌসুমের অভিজ্ঞতা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত বিমানবন্দরটি প্রায় ২৮.৫৫ মিলিয়ন যাত্রীকে সেবা দিয়েছে, যা এসেছে ১,৬৯,৯০০টি ফ্লাইটের মাধ্যমে।
সৌদি আরবের এই আগাম প্রস্তুতি হাজিদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করবে। আন্তর্জাতিক সমন্বয়, বিমানবন্দর কার্যক্রমের উন্নয়ন এবং ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে হজ ২০২৭ মৌসুমকে আরও সফল ও স্মরণীয় করে তোলার চেষ্টা চলছে।
logo-1-1740906910.png)