বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১২ লাখ ছাড়াল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৩৫
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা ১২ লাখ ২ হাজার ৩৪ জনে পৌঁছেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ৩১ জুলাই পর্যন্ত এ হিসাব করা হয়েছে। ১৭ আগস্ট সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে রয়েছেন ১৯৯০-এর দশকে আসা শরণার্থী, ২০১৭ সালে নতুন করে আসা বিপুলসংখ্যক রোহিঙ্গা এবং ২০২৪ সালের পর থেকে আশ্রয় নেওয়া নতুন আগতরা।
মোট রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭৮ শতাংশই নারী ও শিশু। এছাড়া ৫২ শতাংশ রোহিঙ্গার বয়স ১৮ বছরের নিচে। অর্থাৎ অর্ধেকেরও বেশি রোহিঙ্গা শিশু-কিশোর, যারা শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ সহায়তা প্রয়োজন করছে।
দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বড় অংশ কক্সবাজারের বিভিন্ন শিবিরে বসবাস করছে। সেখানে আন্তর্জাতিক সংস্থা ও বাংলাদেশ সরকার যৌথভাবে তাদের খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করছে। তবে জনসংখ্যা বৃদ্ধির কারণে শিবিরগুলোতে চাপ বাড়ছে।
সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত ও সহিংসতা আবারো বেড়ে যাওয়ায় নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের ঘটনা ঘটছে। এতে শরণার্থী সংখ্যা আরো বাড়ছে এবং মানবিক সংকট তীব্র হচ্ছে।
জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে, রোহিঙ্গা সংকট এখনো সমাধান হয়নি। মিয়ানমারে নিরাপদ পরিবেশ তৈরি না হওয়ায় তাদের স্বেচ্ছায় প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না। ফলে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সংখ্যা ক্রমেই বাড়ছে।
logo-1-1740906910.png)