মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৬ আগস্ট ২০২৬
সৌদিতে মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের লাগবে সার্ভিস প্যাকেজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৬:৩৪
বাহরাইন
বাহরাইনে ট্রাফিক রুল নিয়ে নতুন গুরুত্বপূর্ণ নির্দেশনা
বাহরাইনে গাড়ির সামনে সিটে শিশুদের বসা নিয়ে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। দেশটিতে ১০ বছরের কম বয়সী শিশুকে গাড়ির সামনের সিটে বসালে ২০ থেকে ১০০ বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা হতে পারে। দেশটির ট্রাফিক কর্তৃপক্ষ অভিভাবক ও চালকদের শিশুদের নিরাপত্তার বিষয়ে সতর্ক করে জানিয়েছে, দুর্ঘটনা, আকস্মিক ব্রেক বা হঠাৎ গাড়ি থেমে গেলে সামনের সিটে থাকা শিশু গুরুতর এমনকি প্রাণঘাতী আঘাত পেতে পারে। তাই শিশুদের বয়স ও উপযোগী অনুমোদিত চাইল্ড সিটে বসিয়ে নিরাপত্তাবেল্টসহ যথাযথভাবে সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই অপরাধের রায় হওয়ার এক বছরের মধ্যে আবার ঘটলে জরিমানা দ্বিগুণ হতে পারে। এছাড়া ১০ বছরের কম বয়সী শিশুকে সামনের সিটে বসানোর ঘটনায় চালকের লাইসেন্স ৩০ থেকে ৬০ দিনের জন্য স্থগিত করা হতে পারে।
এদিকে, বাহরাইনে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত করতে স্মার্ট ক্যামেরা এবং সাদা পোশাকের টহল জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্ট ক্যামেরার পাশাপাশি চিহ্নবিহীন গাড়িতে থাকা ট্রাফিক সদস্যরা সড়কে নজরদারি করছেন এবং আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে এসব প্রযুক্তি ও টহল ব্যবস্থার ব্যবহার করা হচ্ছে।
সৌদি আরব
সৌদিতে মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের লাগবে সার্ভিস প্যাকেজ
এখন থেকে সৌদি আরবে মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিবার প্রবেশের আগে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে নির্ধারিত সার্ভিস প্যাকেজ নিতে হবে। এমনটাই জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার মেয়াদ থাকলেই প্রয়োজনীয় সেবা প্যাকেজ ছাড়া সৌদি আরবে প্রবেশের সুযোগ নেই। মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাটি ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ এবং এই সময়ে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যায়, তবে মোট অবস্থানের সময় ৯০ দিনের বেশি হতে পারবে না। প্রতিবার সফরের জন্য ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে একটি সার্ভিস প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসায় অবশিষ্ট থাকার অনুমোদিত সময়ের বেশি হতে পারবে না। একই সঙ্গে নুসুক অ্যাপের মাধ্যমে সৌদি আরবে পৌঁছানোর আগেই ওমরাহ পারমিট নিতে হবে। পারমিটের তারিখ সার্ভিস প্যাকেজের তারিখের সঙ্গে মিল থাকতে হবে। প্রথমবারের যাত্রায় নুসুকের মাধ্যমে সার্ভিস প্যাকেজ কেনার পর ভিসার আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিমানে ওঠার আগে যাত্রীর ভ্রমণ-যোগ্যতা যাচাই করা হবে এবং সৌদি আরবে আসা-যাওয়ার তথ্য নথিভুক্ত হবে। দেশ ছাড়ার সময় তা হালনাগাদ করে ভিসায় অবশিষ্ট থাকার সময় হিসাব করা হবে। মন্ত্রণালয় স্পষ্ট করেছে, মাল্টিপল-এন্ট্রি ভিসার দীর্ঘ মেয়াদ থাকলেও প্রতিটি সফরের ক্ষেত্রে নির্ধারিত সেবা ও প্রবেশসংক্রান্ত নিয়ম মেনে চলা বাধ্যতামূলক।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে লটারি জিতে বিপুল অর্থ পেলেন প্রবাসী
সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট লটারির ড্রতে ১ লাখ দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী সবুজ মো. দেলোয়ার মুন্সি। ৩২ বছর বয়সী সবুজ গত সাড়ে সাত বছর ধরে আমিরাতে বসবাস করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পেরে গত চার বছর ধরে এতে অংশ নিচ্ছিলেন। তবে সর্বশেষ সিরিজ ২৮৯-এর ড্রতে প্রথমবারের মতো বড় পুরস্কার জেতেন তিনি। বিজয়ের খবর পেয়ে উচ্ছ্বসিত সবুজ জানিয়েছেন, পুরস্কারের অর্থ তিনি আমিরাতে নিজের দৈনন্দিন খরচ ও জীবনযাপনে কাজে লাগাবেন। একই ড্রতে আরো চারজন ১ লাখ দিরহাম করে জিতেছেন। তাদের মধ্যে আরিফুজ্জামান শুভ নামে আরেক বাংলাদেশি এবং কেরালার তিন ভারতীয় নাগরিক রয়েছেন। ফলে পাঁচ বিজয়ীর মোট পুরস্কারের অর্থ দাঁড়িয়েছে ৫ লাখ দিরহাম। এদিকে আগস্ট মাসে বিগ টিকিটের পক্ষ থেকে আরো বড় পুরস্কারের সুযোগ রাখা হয়েছে। এ মাসে মোট ২৬ জন বিজয়ী নগদ অর্থ ও বিলাসবহুল গাড়ি জিততে পারবেন। আগামী ৩ সেপ্টেম্বরের লাইভ ড্রতে একজন বিজয়ী ১ কোটি ৫০ লাখ দিরহামের প্রধান পুরস্কার পাবেন এবং আরো পাঁচজন পাবেন ১ লাখ দিরহাম করে।
কুয়েত
কুয়েতে নিরাপত্তা জোরদারে শুরু হয়েছে ব্যাপক অভিযান
কুয়েতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদারে দেশজুড়ে ব্যাপক অভিযান চালিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি পুলিশ বিভাগ। অভিযানে ৩৩টি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ আবাসিক অনুমতিপত্র থাকা ২৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ ১২ জন এবং ফৌজদারি ও দেওয়ানি মামলায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে ট্রাফিক আইন ভঙ্গের ১ হাজার ৩০০টি ঘটনা শনাক্ত করা হয়েছে। অতিরিক্ত শব্দের জন্য ২৬টি জরিমানা দেওয়া হয়, বিভিন্ন ট্রাফিক অপরাধে ২৬টি গাড়ি জব্দ করা হয় এবং পরোয়ানাভুক্ত ১৫টি গাড়ি আটক করা হয়েছে। একজনকে ট্রাফিক পুলিশ স্টেশনে পাঠানো হয়েছে। এছাড়া মাদক, অ্যালকোহল ও ধারালো অস্ত্রসংক্রান্ত তিনটি ঘটনাও শনাক্ত করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করা এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফলে এই সময়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকতে হবে, সব সময় বৈধ ইকামার কাগজপত্র সাথে রাখতে হবে।
logo-1-1740906910.png)