ইউরোপের দেশ রোমানিয়া বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়াকে আরো সহজ ও স্বচ্ছ করতে চালু করেছে নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। WorkinRomania.gov.ro নামের এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়োগকর্তা ও বিদেশি কর্মী নিয়োগকারী এজেন্সিগুলো এখন থেকে অনলাইনে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।
দেশটির জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) জানিয়েছে, নতুন ব্যবস্থায় আমলাতান্ত্রিক জটিলতা কমবে, আবেদন নিষ্পত্তি হবে দ্রুত গতিতে এবং প্রতিটি আবেদনের অগ্রগতি রিয়েল টাইমে দেখা যাবে। এটি রোমানিয়ার প্রথম সমন্বিত ডিজিটাল ব্যবস্থা, যেখানে নিয়োগকর্তা, এজেন্সি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একই ইলেকট্রনিক প্ল্যাটফর্মে কাজ করবে।
আগে বিদেশি কর্মী নিয়োগের জন্য বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া আলাদাভাবে সম্পন্ন করতে হতো। একই নথি একাধিক প্রতিষ্ঠানে জমা দিতে হতো এবং আবেদন কোন পর্যায়ে আছে তা জানতে আলাদা যোগাযোগ করতে হতো। এখন সব প্রক্রিয়া একত্রিত হয়েছে একটি অনলাইন প্ল্যাটফর্মে।
ব্যবহারকারীরা একটি অ্যাকাউন্ট থেকেই নথি জমা, সরকারি যোগাযোগ এবং আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। ইলেকট্রনিক স্বাক্ষর ব্যবহার করা যাবে এবং কার্যক্রমের রেকর্ড সংরক্ষণ করা সম্ভব হবে।
প্রথম ধাপে যেসব সেবা পাওয়া যাবে
- নিয়োগকর্তা হিসেবে নিবন্ধন বা অনুমোদন
- বিদেশি কর্মী নিয়োগকারী এজেন্সির অনুমোদন ও মেয়াদ বাড়ানো
- প্রয়োজনীয় নথি ইলেকট্রনিক ফরম্যাটে জমা দেওয়া
- সরকারি নোটিশ ও যোগাযোগ পাঠানো
- প্রতিটি আবেদনের অগ্রগতি রিয়েল টাইমে দেখা
- প্রশাসনিক নথি ও সিদ্ধান্ত গ্রহণ
পরবর্তী ধাপে দীর্ঘমেয়াদি ভিসা ও রেসিডেন্স পারমিট নবায়নের আবেদনও একই প্ল্যাটফর্মে করা যাবে।
এই প্ল্যাটফর্ম চালুর ফলে সময় কম লাগবে, একই নথি বারবার জমা দেওয়ার প্রয়োজন হবে না এবং আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে। ব্যবহারকারীরা সবসময় নিজের ইলেকট্রনিক ফাইলে প্রবেশ করতে পারবেন, প্রতিটি ধাপ অনুসরণ করতে পারবেন এবং প্রয়োজনীয় নথি বা তথ্যের জন্য স্বয়ংক্রিয় নোটিশ পাবেন।
প্ল্যাটফর্মটি বাস্তবায়ন করেছে রোমানিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন বিদেশি নাগরিকদের অবস্থান ও কর্মসংস্থান সংক্রান্ত প্রক্রিয়া পরিচালনা করবে। ন্যাশনাল এজেন্সি ফর এমপ্লয়মেন্ট নিয়োগকর্তা ও এজেন্সির নিবন্ধন ও অনুমোদন দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় ভিসা ব্যবস্থা ও eViza প্ল্যাটফর্মের মাধ্যমে দীর্ঘমেয়াদি ভিসা প্রদান করবে।
এছাড়া কর যাচাইয়ের জন্য ন্যাশনাল এজেন্সি ফর ফিসকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং বিদেশি কর্মীদের যোগ্যতা যাচাইয়ের জন্য শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ও যুক্ত থাকবে।
রোমানিয়ার অভিবাসন কর্তৃপক্ষ মনে করছে, এই প্ল্যাটফর্ম অবৈধ অভিবাসন প্রতিরোধ, বিদেশি কর্মীদের সুরক্ষা এবং নিয়োগকর্তাদের আইনগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শ্রমবাজারে বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া আরো দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ হবে।
www.workinromania.gov.ro রোমানিয়ার শ্রমবাজারে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
logo-1-1740906910.png)