Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশ থেকে বৈধপথে কর্মী নিতে আগ্রহী যুক্তরাজ্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:০৫

বাংলাদেশ থেকে বৈধপথে কর্মী নিতে আগ্রহী যুক্তরাজ্য

বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের জন্য যুক্তরাজ্যে বৈধ অভিবাসনের পথ আরো প্রসারিত করতে আগ্রহ প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। অনিয়মিত পথে অভিবাসন ঠেকাতে নিয়মিত ও শৃঙ্খলাপূর্ণ অভিবাসন প্রক্রিয়া গড়ে তোলার পরিকল্পনা করছে তারা। বার্তা সংস্থা ইনফো মাইগ্রেন্টস এ সংবাদ দিয়েছে।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সম্প্রতি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান। তিনি বলেন, যুক্তরাজ্যের শ্রমবাজারে প্রয়োজনীয় খাতগুলোর জন্য দক্ষ শ্রমিক তৈরি করতে বাংলাদেশকে সহায়তা দেওয়া যেতে পারে। এর মাধ্যমে অভিবাসনপ্রত্যাশীরা নিরাপদ ও নিয়মিত পথে যুক্তরাজ্যে যেতে পারবেন।

ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, আশ্রয় আবেদনকারীদের তালিকায় বাংলাদেশিরা বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে। তবে বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করায় আশ্রয় আবেদন খুব কমই গৃহীত হয়। গত বছর যুক্তরাজ্যে মোট আশ্রয় আবেদনের ৪০ শতাংশ গৃহীত হলেও বাংলাদেশিদের ক্ষেত্রে তা ছিল মাত্র ১৪ শতাংশ। এ কারণে ব্রিটিশ সরকার নিয়মিত অভিবাসনের পথ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে।

বৈঠকে মানব পাচার ও অভিবাসনপ্রত্যাশীদের শোষণের বিষয়টিও আলোচনায় উঠে আসে। সারাহ কুক বলেন, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে অভিবাসন প্রক্রিয়াকে আরো কার্যকর করা সম্ভব। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশিক্ষণের সনদ অর্জনের সুযোগ তৈরি করার ওপর জোর দেন।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক বলেন, যুক্তরাজ্যের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি উন্নয়ন করতে বাংলাদেশের আরো বাস্তবভিত্তিক সহায়তা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, দক্ষ জনশক্তি তৈরি হলে অভিবাসন আরো নিরাপদ হবে এবং শ্রমবাজারে বাংলাদেশিদের অবস্থান সুদৃঢ় হবে।

প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, বাংলাদেশি প্রশিক্ষণকেন্দ্রগুলোর সঙ্গে যুক্তরাজ্যের পেশাগত প্রতিষ্ঠানগুলোর ঘনিষ্ঠ সহযোগিতা কর্মসূচি গড়ে তোলা জরুরি। তার মতে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশিক্ষণের সনদ অর্জনের সুযোগ পেলে অভিবাসনপ্রত্যাশীরা নিয়মিত পথে যেতে উৎসাহিত হবে।

Logo