Logo
×

Follow Us

বাংলাদেশ

গ্রিসে কর্মসংস্থানের নতুন সুযোগ; দক্ষতা উন্নয়নে জোর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৮:০৪

গ্রিসে কর্মসংস্থানের নতুন সুযোগ; দক্ষতা উন্নয়নে জোর

বাংলাদেশি কর্মীদের জন্য গ্রিসে উদীয়মান কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর উদ্যোগে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।

১৩ আগস্ট রাজধানীর বোয়েসেল কার্যালয়ে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা গ্রিসের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা বলেন, গ্রিসে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে দক্ষতা উন্নয়ন, ভাষাজ্ঞান বৃদ্ধি এবং আইনানুগ অভিবাসন নিশ্চিত করতে হবে। তিনি অবৈধ পথে অভিবাসনের ঝুঁকি প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও স্বচ্ছতা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তিনি আরো বলেন, দক্ষতা ও ভাষার ঘাটতি কাটিয়ে উঠতে হলে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করতে হবে। এতে কর্মীরা শুধু গ্রিস নয়, মাল্টা ও আলবেনিয়ার মতো দেশেও কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।

কর্মশালায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়ক মহাপরিচালক কাজী এহসানুল হক বলেন, গ্রিসে অভিবাসন প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা করতে হলে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় জরুরি। তিনি নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে দূতাবাস ও বোয়েসেলের ভূমিকার ওপর গুরুত্ব দেন।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় কম খরচে দক্ষ ও যোগ্য কর্মী গ্রিসে পাঠাতে বোয়েসেল বদ্ধপরিকর। তিনি আশা প্রকাশ করেন, সঠিক দক্ষতা উন্নয়ন ও সুনির্দিষ্ট অভিবাসন কাঠামোর মাধ্যমে গ্রিসের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হবে।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রিসে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে বিশেষ করে পর্যটন, কৃষি, নির্মাণ ও সেবা খাতে। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে কর্মীদের দক্ষতা বাড়াতে হবে এবং অবৈধ অভিবাসন রোধ করতে হবে। তারা মনে করেন, দক্ষ কর্মী তৈরির মাধ্যমে বাংলাদেশি শ্রমিকরা গ্রিসের শ্রমবাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে।

Logo