ওমানে শ্রমবাজার খোলা নিয়ে প্রচারণায় সতর্কতা দূতাবাসের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:৫১
ওমানে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার খুলে গেছে, ভিসা চালু হয়েছে কিংবা ফ্রি ভিসা দেওয়া হচ্ছে- সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রচারণাকে বিভ্রান্তিকর ও ভুয়া বলে সতর্ক করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। দূতাবাস আরো জানায়, ওমান সরকার বর্তমানে শ্রমবাজার পুনর্বিন্যাস ও ওমানাইজেশন নীতির আওতায় বিদেশি কর্মী নিয়োগে বিভিন্ন বিধিনিষেধ কার্যকর রেখেছে।
ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ কিংবা ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’- এ ধরনের প্রচারণায় বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস করে কোনো ব্যক্তি, সুবিধাভোগী বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকতে প্রবাসীদের সতর্ক করেছে দূতাবাস। সম্প্রতি ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রচারণা ছড়ানোর পর দূতাবাস এ সতর্কতা জারি করে।
দূতাবাস জানিয়েছে, ওই বিজ্ঞপ্তি ওমান সরকারের পক্ষ থেকে শ্রমবাজার উন্মুক্ত করার কোনো ঘোষণা নয়। বিজ্ঞপ্তিটির উদ্দেশ্য ছিল আল ধাহিরাহ অঞ্চলের কৃষিশ্রমিকের চাহিদা পূরণে প্রয়োজন হলে কেবল ওই এলাকার কৃষিকাজের জন্য সীমিত পরিসরে ভিসা অনুমোদনের বিষয়টি জানানো। এতে কর্মী নিয়োগ, ভিসা ইস্যু বা শ্রমবাজার উন্মুক্ত করার কোনো ঘোষণা দেওয়া হয়নি।
logo-1-1740906910.png)