বাহরাইনে তার চুরির অভিযোগে ৩ এশিয়ানের ৫ বছর করে জেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:২৩
বাহরাইনে একটি গুদাম থেকে প্রায় ৭০০ কেজি কারেন্টের তার চুরির ঘটনায় তিন এশিয়ানকে পাঁচ বছর করে জেল দিয়েছেন দেশটির হাই ক্রিমিনাল কোর্ট। পাশাপাশি সাজা শেষে তাদের বহিষ্কারেরও নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের তথ্য অনুযায়ী, রাস জুয়াইয়েদ এলাকায় একটি কোম্পানির গুদামে এই চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মুখোশ পরা দুই ব্যক্তি প্রথমে নিরাপত্তাকর্মীকে আক্রমণ করে, পরে আরো কয়েকজন তাদের সঙ্গে যোগ দেয়। তারা নিরাপত্তাকর্মীকে একটি চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে, গেটের চাবি নিয়ে গুদামে ঢুকে তালা ভেঙে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার নিয়ে যায়। এরপর নিরাপত্তাকর্মীকে নিরাপত্তাকক্ষের ভেতর আটকে রেখে তারা পালিয়ে যায়। ভোর প্রায় ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত ওই কর্মী সেখানে আটকে ছিলেন, পরে কোম্পানির আরেক কর্মী তাকে উদ্ধার করেন।
এদিকে পুলিশ জানতে পারে, কয়েকজন এশীয় নাগরিক একটি স্ক্র্যাপের দোকানে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার বিক্রির চেষ্টা করছে। সেখানে আবার ফিরে এলে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়, তবে তাদের সঙ্গে থাকা আরো একজন পালিয়ে যায়। উদ্ধার করা তারের ওজন ছিল প্রায় ৭০০ কেজি এবং প্রতি কেজি ১ দশমিক ৮০০ বাহরাইনি দিনারে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। তদন্তে আরো জানা যায়, পুলিশের নজর এড়াতে অভিযুক্তরা যে বাসটি ব্যবহার করেছিল, সেটির নম্বর প্লেটও পরিবর্তন করা হয়েছিল। শেষ পর্যন্ত আদালত তিনজনকে পাঁচ বছরের কারাদণ্ড এবং সাজা শেষে বাহরাইন থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তরা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।
logo-1-1740906910.png)