Logo
×

Follow Us

বাংলাদেশ

বিমানবন্দরে মাত্র ১০০ টাকায় র‍্যাপিং সুবিধা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:৫৯

বিমানবন্দরে মাত্র ১০০ টাকায় র‍্যাপিং সুবিধা

বিদেশগামী ও প্রবাসফেরত কর্মীদের যাত্রা আরো নিরাপদ ও নিশ্চিন্ত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে লাগেজ র‍্যাপিং সুবিধা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে এ সেবা পরিচালিত হচ্ছে।

বিএমইটির বহির্গমন ছাড়পত্র অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী রেমিট্যান্স যোদ্ধারা মাত্র ১০০ টাকায় বিমানবন্দরের যে কোনো র‍্যাপিং মেশিনে লাগেজ সুরক্ষার সুবিধা নিতে পারবেন। এ উদ্যোগের ফলে বিদেশযাত্রা কিংবা দেশে ফেরার সময় প্রবাসীরা তাদের লাগেজ নিরাপদ রাখতে পারবেন এবং ভ্রমণের সময় নানা ধরনের ঝুঁকি থেকে মুক্ত থাকবেন।

প্রবাসী কল্যাণ ডেস্ক জানিয়েছে, লাগেজ র‍্যাপিং সুবিধা মূলত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে। বিদেশগামী কর্মীরা সাধারণত দীর্ঘ ভ্রমণ করেন এবং তাদের লাগেজে থাকে মূল্যবান জিনিসপত্র। র‍্যাপিংয়ের মাধ্যমে লাগেজ সুরক্ষিত থাকবে এবং চুরি বা ক্ষতির আশঙ্কা কমে যাবে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বলছে, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। লাগেজ র‍্যাপিং সুবিধা সেই দায়িত্ব পালনেরই একটি অংশ।

সুবিধাভোগীরা চাইলে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কে সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন। এছাড়া বিস্তারিত জানতে টোল-ফ্রি নম্বর চালু করা হয়েছে। বাংলাদেশ থেকে কল করলে ১৬১৩৫ এবং বিদেশ থেকে কল করলে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট (www.wewb.gov.bd) থেকেও তথ্য পাওয়া যাবে।

Logo