Logo
×

Follow Us

বাংলাদেশ

মিয়ানমারে ২০০ বাংলাদেশিকে আটকে রাখা হয়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ২০:১৯

মিয়ানমারে ২০০ বাংলাদেশিকে আটকে রাখা হয়েছে

মিয়ানমারে একটি স্ক্যাম সেন্টারে ২০০ জনেরও বেশি বাংলাদেশিকে আটকে রাখা হয়েছে বলে জানা গেছে। দেশটিতে পরিচালিত এসব স্ক্যাম সেন্টারের কয়েকটি ভিডিও সম্প্রতি মাইগ্রেশন কনসার্নের হাতে এসেছে।

ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের স্ক্যাম সেন্টারের কম্পাউন্ডের ভেতরে আটকে রেখে জোরপূর্বক বিভিন্ন ধরনের কাজ করানো হচ্ছে। সেখানে তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

জানা গেছে, আগে কম্বোডিয়ায় চীনা নাগরিকদের নেতৃত্বে এ ধরনের বেশ কিছু স্ক্যাম সেন্টার পরিচালিত হতো। কম্বোডিয়ার সেনাবাহিনী অভিযান চালিয়ে এসব কেন্দ্র বন্ধ করে দেওয়ার পর মানব পাচারকারী চক্র মিয়ানমারে নতুন করে তাদের ঘাঁটি গড়ে তোলে। বর্তমানে মিয়ানমারের বিভিন্ন স্ক্যাম সেন্টারে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের পাচারের শিকার ব্যক্তিদের আটকে রেখে প্রতারণামূলক কর্মকাণ্ডে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের প্রধান আল আমিন নয়ন মাইগ্রেশন কনসার্নকে জানিয়েছেন, এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি মিয়ানমারের এসব স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন।

তাদের মধ্যে চারজন ইতোমধ্যে থাইল্যান্ডের মে সট শহরে পৌঁছেছেন। গত ৫ আগস্ট সন্ধ্যায় তাদের মধ্যে কয়েকজন মে সট ইমিগ্রেশন পুলিশের কাছে মানব পাচারের শিকার হিসেবে আত্মসমর্পণ করেছেন। বর্তমানে তাদের নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে কাজ চলছে বলে জানা গেছে।

মিয়ানমারের স্ক্যাম সেন্টারগুলোতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের আটকে রেখে প্রতারণামূলক কাজে বাধ্য করার অভিযোগ নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে। পাচারের শিকার এসব বাংলাদেশিকে উদ্ধার করে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে।

Logo